
দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে টাইগাররা।
নতুন সূচি অনুযায়ী, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের এই মাঠে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ভেন্যুটিতে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
দুটি টেস্ট ম্যাচের আগে তিন অথবা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ফলে টাইগারদের আসন্ন ইংল্যান্ড সফর বেশ দীর্ঘ হতে যাচ্ছে।
এর আগে বাংলাদেশকে শুধু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরে ওয়ানডে ম্যাচ যুক্ত করার চেষ্টা করেছিল বিসিবি। তবে সেই উদ্যোগ সফল হয়নি। পরবর্তী সময়ে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে বাড়তি টেস্ট ম্যাচটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর আবারও ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে টাইগাররা। এদিকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড।
আরটিভি/এসকে


