
বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি তামিম ইকবাল। ইংল্যান্ড থেকে ফিরে শ্রীলঙ্কা সফরেও জাত চেনাতে পারেননি বাংলাদেশের ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যান। কয়েকদিন আগে থেকে গুঞ্জন ভারত সফরে কয়েকটা ম্যাচে পাওয়া যাচ্ছে না এই ওপেনারকে। শনিবার পুরো সফর থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন তামিম।
দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই নিজেকে প্রত্যাহার করেছেন তিনি।
স্ত্রী আয়েশা ইকবাল অন্তঃসত্ত্বা। কয়েকদিন পরই তাদের কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান। এই মাহেন্দ্রক্ষণে প্রিয়তমা স্ত্রীর পাশে থাকতেই ছুটি চেয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছেলে আরহাম ইকবালের সঙ্গে তামিম-আয়েশা দম্পতির একটি ছবি ভাইরাল হয়। ছবিটি শেয়ার করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
২০১৩ সালের জানুয়ারিতে জাঁকজমক আয়োজনে বিয়ে হয় তামিমের। বন্দর নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন ও মমতাজ বেগমের ছোট মেয়ে আয়েশা। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপ চলাকালীন সময় তাদের সংসারে নতুন সদস্য হিসেবে আগমন ঘটে আরহামের।
ওয়াই




