
লম্বা বিরতি শেষে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর খেলা হয়নি আর কোনও ম্যাচ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলেননি, খেলা হয়নি আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও।
এরপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও নাম তুলে নিয়েছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে কাজ করেছেন, সময় দিয়েছেন পরিবারকে।
অবশেষে আজ অনুশীলনে ফিরেছেন তিনি। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল)।

বিবিপিএলে তামিম খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে। আনুষ্ঠানিকভাবে দলের অনুশীলন শুরু না হলেও প্লাটুনের হেড কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানেই অনুশীলন সারেন ঘণ্টা খানেক। সকালে মিরপুরের একাডেমি মাঠে আসেন মাশরাফী বিন মোর্ত্তজাও। অনুশীলন না করলেও দেখা করে যান কোচ সালাহউদ্দিন ও তামিমের সঙ্গে।
যদিও এটিকে বিপিএলের জন্য অনুশীলন বলছেন না দলের কোচ সালাহউদ্দিন। তামিম নিজে থেকেই অনুশীলন করছেন বলে জানান তিনি।
‘এটা বিপিএলের জন্য অনুশীলন না। তামিম নিজে থেকেই অনুশীলন করছে। মাশরাফীও এসেছিল। তার ব্যাক-পেইন ছিল। সেও প্রায় সুস্থ এখন।’
এমআর/সি




