
স্প্যানিশ লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার আগে বার্সার মহাতারকা লিওনেল মেসি বলেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় দলের কাণ্ডারি হতে পারবেন না এডেন হ্যাজার্ড।
চলতি মৌসুমে চেলসি থেকে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তিবদ্ধ হন বেলজিয়ামের অধিনায়ক। ব্যাপক প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে হয়েছেন ব্যর্থ। স্প্যানিশ লিগে ৮ ম্যাচ খেলতে পেরেছেন। মাত্র একটি গোল করেছেন। করিয়েছেন তিনটি গোল।
এল ক্লাসিকোর আগে বার্সেলোনা অধিনায়ক কথা বলেছেন মার্কা’র সঙ্গে। এসময় রিয়াল তারকা প্রসঙ্গে মেসি বলেন, ‘হ্যার্জাড অনেক প্রতিভাবান। তার মধ্যে বিশেষ কিছু রয়েছে যা প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, তবে তিনি ক্রিশ্চিয়ানোর মতো নয়।’
মাদ্রিদের দলটিতে সিআর সেভেনের শূন্যতা পূরণ করা প্রায় অসম্ভব উল্লেখ করেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।
‘রোনালদোর জায়গা দখল করাটা খুব কঠিন। তবে হ্যাজার্ডও একজন সেরা খেলোয়াড়।’ যোগ করেন মেসি।
মৌসুমে শুরুর দিকে ইনজুরির কবলে পড়তে হয়। গেল মাসের শেষ দিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজি’র বিপক্ষে আবারও চোট পেয়েছেন হ্যার্জাড। এখনও রয়েছেন মাঠের বাইরে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে খেলতে পারছেন না ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বুধবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। মেসি বাহিনী চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে ১১টিতে জয়, দুই ম্যাচ ড্র আর তিন ম্যাচ হেরে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এ ম্যাচে হারলে হারাতে হবে, পয়েন্ট টেবিলের শীর্ষের আসনটি। তাইতো নিজেদের মাঠে জয়ের বিকল্প ভাবছে না বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদ সমান সংখ্যক ম্যাচ খেলে দশটিতে জয়, পাঁচটি ড্র আর এক ম্যাচ হেরে ৩৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এ ম্যাচে জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চায় রিয়াল।
ওয়াই




