
সাউদাম্পটন টেস্ট শেষে ম্যানচেস্টার ফেরার পথে বায়োসিকিউরিটি প্রটোকল ভেঙে বান্ধবির বাসায় গিয়েছিলেন জোফরা আর্চার। তার খেসারত দিতে হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ে।
বাদ দেয়ার সঙ্গে লিখিত সতর্কীকরণ আর গুণতে হয়েছে ম্যাচ ফি’র সমান ১৫ হাজার পাউন্ড জরিমানা।
এরপর নিয়ম অনুযায়ী আর্চারকে চলে যেতে হয় আইসোলেশনে। নিজের ভুলের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন তিনি, সিরিজের শেষ টেস্ট খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। পরে অবশ্য ইসিবি থেকে জানানো হয়, দু’বার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে আর্চারের দলের সঙ্গে যোগ দিতে বাঁধা নেই।
প্রথম করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর আজ দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে আর্চারের।
আর্চারের ফেরা নিয়ে ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, আর্চার তার কর্মকাণ্ডের জন্য ক্ষমাপ্রার্থী। সে এমন কাজ আর করবে না বলেও জানিয়েছে টিম ম্যানেজমেন্টকে। সে তার ভুল বুঝতে পেরেছে।
দ্বিতীয় টেস্ট চলাকালীন পুরো সময়টাই একা কাটিয়েছেন আর্চার। ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে গেল দুইদিন কোনোরকম কোচিং স্টাফ ছাড়াই ওল্ড ট্রাফোর্ডের আউটফিল্ডে রানিং এবং নেটে সময় কাটিয়েছেন এই পেসার, সেটাও বেলা সাতটা বাজার আগেই শেষ করতে হয়েছে তাকে।
দ্বিতীয় টেস্টে দারুণ ছিলেন পেসার স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস। বিশ্রাম শেষে দলে ফিরতে প্রস্তুত জেমস এন্ডারসন, মার্ক উড। স্যাম কারানও দলে জায়গা পাওয়ার দাবিদার। অন্যদিকে জফরা আর্চারের নিশ্চিত অন্তর্ভুক্তি দল নির্বাচনে ইংলিশদের মধুর সমস্যাতেই ফেলতে যাচ্ছে।
আরও পড়ুন:
এমআর/




