
এশিয়া কাপে দারুণ শুরুর পর আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। বিশাল লাফ দিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে মারুফা ছাড়াও উন্নতি হয়েছে সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তার দোলার।
ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৬ রানে ২ উইকেট নেন মারুফা। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে ৩ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী এই পেসার।
এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন মারুফা। তার নামের পাশে এখন ৬২২ রেটিং পয়েন্ট। র্যাঙ্কিং ও রেটিং দুটিই তার ক্যারিয়ার সেরা। এর আগে ২০২৪ সালের মে মাসে ২৩ নম্বরে উঠেছিলেন তিনি সেবার তার রেটিং ছিল ৬০৬ পয়েন্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৪ রানে ১ উইকেট নিয়ে অফ স্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন।
তবে রাবেয়া খাতুন ও নাহিদা খাতুনের অবস্থানে অবনতি হয়েছে। লেগ স্পিনার রাবেয়া এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে এবং বাঁহাতি স্পিনার নাহিদা চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমেছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা বিশে নেই বাংলাদেশের কেউ। তবে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন নিগার সুলতানা জ্যোতি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রান করে ৩ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে এসেছেন সোবহানা মোস্তারি। এ ছাড়া দিলারা আক্তার ৫ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন।
এশিয়া কাপে মারুফার দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলল র্যাঙ্কিংয়েও।
আরটিভি/এসকে


