
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় নেপাল। সেই সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।
বৈঠকে দুই দেশের ক্রীড়া উন্নয়ন, পর্বতমালা সুবিধা গ্রহণ এবং সম্ভাব্য টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়াও সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সময়োপযোগী সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যকার শক্তিশালী রাজনৈতিক ভিত্তির কথা উল্লেখ করে ভাণ্ডারি দ্বিপাক্ষিক সম্পৃক্ততা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, আমাদের মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান, তবে খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আরও অনেক কিছু করার বিশাল সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ পুনরায় শুরুর বিষয়ে বিশেষ প্রস্তাব রাখেন। তিনি বলেন, সম্প্রতি নেপাল ও বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। আমাদের জনগণের—বিশেষ করে যারা সাম্প্রতিক দুর্যোগ কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন—অনুপ্রেরণা প্রয়োজন।
নেপালের রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশের কাছে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানাচ্ছি; আমাদের দল বাংলাদেশে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, অথবা আমরা বাংলাদেশ দলকে নেপালে সাদরে স্বাগত জানাব।
এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক আঞ্চলিক সহযোগিতার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে 'স্পোর্টস ডিপ্লোম্যাসি' বা ক্রীড়া কূটনীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিভিন্ন খেলাধুলায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যেই কাজ করছি।
তিনি নেপালি রাষ্ট্রদূতকে একটি আনুষ্ঠানিক আগ্রহপত্র (লেটার অফ ইনটেন্ট) জমা দেওয়ার অনুরোধ জানান, যাতে মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করতে পারে।
এর পাশাপাশি, প্রতিমন্ত্রী হক বাংলাদেশি ক্রীড়াবিদদের সহায়তায় নেপালের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানোর প্রস্তাব দেন এবং পর্বতারোহণের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নেপালকে আহ্বান জানান।
আরটিভি/এসআর



