
দীর্ঘদিন ধরে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। কারাগারে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পরিবার। এবার ইমরানের মানবিক ও স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক।
ইমরানের বন্দীজীবন এবং তার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি লিখেছেন দেশটির সাবেক অধিনায়করা। চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।
চিঠিতে সাবেক অধিনায়করা বলেন, তারা কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং সাবেক অধিনায়ক হিসেবে মানবিক উদ্বেগ থেকেই এই চিঠি লিখেছেন। ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে তারা কোনো পক্ষ নিচ্ছেন না বলেও স্পষ্ট করেছেন।
তাদের ভাষ্য, রাজনীতি বা আইনি বিষয় যা-ই হোক, ইমরানের বর্তমান পরিস্থিতি মানবিকতার মৌলিক প্রশ্নের সঙ্গে জড়িত। এ কারণে তার স্বাস্থ্য ও কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
এর আগে গত ২৩ আগস্ট ইমরান খানের উন্নত চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লিখেছিলেন বিশ্বের সাবেক ২২ আন্তর্জাতিক অধিনায়ক। সেই তালিকায় ছিলেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন।
এরপর ইমরানের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স, পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানসহ আরও অনেকে। ক্যারিবিয়ান ক্রিকেটের দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিংও ৭৩ বছর বয়সী ইমরান খানের পক্ষে কথা বলেছেন।
ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন ইমরান খান। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন।
আরটিভি/এসকে


