
বয়স ৩৭ পেরিয়েছে। তবে ব্যাট হাতে এখনো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। কিন্তু ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে বিদায়ের ভাবনাও যে তার মাথায় ঘুরছে, সেটিই এবার প্রকাশ্যে জানালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
সামনের অ্যাশেজ সিরিজে তিনি খেলবেন কি না, তা নিয়েই এখনো নিশ্চিত নন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে নিজের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।
‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, সেখানে (আগামী অ্যাশেজে) থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে ধরে ভাবছি, বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। আমার জন্য ওই সময়টা এখনো অনেক দূরে। ইংল্যান্ডে সিরিজ জেতার স্বাদ পেলে তা ভালোই লাগবে। তবে এটা সত্যি বাস্তবে হয় কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাদা বলের ক্রিকেটে আরও কিছুদিন চালিয়ে যেতে চান স্মিথ। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফেরার বিষয়টি তাকে অনুপ্রাণিত করছে।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেই আসরে খেলার স্বপ্ন দেখছেন স্মিথ। এ জন্য টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি। ইউরোপিয়ান বিভিন্ন লিগে খেলার অন্যতম কারণও যতটা সম্ভব টি-টোয়েন্টির সঙ্গে নিজেকে যুক্ত রাখা।
স্মিথ বলেন, ‘এই মুহূর্তে অলিম্পিকই হয়তো একমাত্র জায়গা, যার অংশ হতে চেষ্টা করতে চাই। ইউরোপিয়ান লিগে খেলার অন্যতম প্রধান কারণও যতটা সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়া।’
তবে ক্রিকেট ছাড়ার পর কী করবেন, সেটিও এখনো ঠিক করেননি অস্ট্রেলিয়ার এই ব্যাটার। খেলা ছাড়ার পরের জীবন নিয়ে তার ভাবনা এখনো পরিষ্কার নয়।
স্মিথ বলেন, এখনো ভাবি যে আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলে যেতে পারব। খেলা ছাড়ার পর আমার ভবিষ্যৎ কী? নিশ্চিত নই। তবে আশা করছি, খেলোয়াড় হিসেবে আরও কিছুটা সময় বাকি আছে। খেলায় অনেক কিছু অর্জন করেছি। গত ১৫ বছর বা তার কাছাকাছি সময়ের এই পথচলাটা দুর্দান্ত ছিল।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১২৫টি টেস্ট খেলেছেন স্মিথ। ৩৭ সেঞ্চুরি ও ৪৫ ফিফটিতে তার সংগ্রহ ১০ হাজার ৯২০ রান। টেস্টে তার ব্যাটিং গড় ৫৬.০০। বয়স বাড়লেও পারফরম্যান্সে বড় ধরনের পতন না ঘটায় এখনো অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ তিনি।
আরটিভি/এসকে



