
টেস্টে ক্রিকেটে নিয়মিত রান করেন ওপেনার সাদমান ইসলাম। কিন্তু ভালো শুরু করে বড় ইনিংস খেলতে না পারায় অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে এসব সমালোচনাকে মাথায় নিতে চান না মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো টাইগার ওপেনার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নিজের প্রস্তুতি নিয়ে সাদমান বলেন, গত কিছুদিন আমি এটা নিয়ে অনেক কাজ করছি। আমার কাছে মনে হচ্ছিল ফিটনেস ইস্যু হতে পারে। আমি ফিটনেস নিয়ে ভালো কাজ করছি, হয়তো ব্যাটিংয়েও সমস্যা ছিল। কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আশরাফুল ভাই ছিলেন, সালাউদ্দিন স্যার ছিলেন। তারাও বলেছেন, কিছু কাজ করলে হয়তো ভালো সাফল্য আসতে পারে।
মিরপুরের উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জও মাথায় রাখতে হয় বলে মনে করেন সাদমান। তবে উইকেট নিয়ে আগেভাগে বেশি চিন্তা না করে বল বুঝে খেলার পরিকল্পনাতেই আস্থা রেখেছেন তিনি।
তার ভাষায়, উইকেট নিয়ে প্রথম থেকেই চিন্তা করিনি। যে বল আসবে, সেটাই খেলব—এটাই সবসময় পরিকল্পনা ছিল। আমরা দেখেছি, মিরপুরের উইকেটে সকালবেলা বা দিনের শেষে ব্যাটারদের একটু সমস্যায় ফেলে। ক্রিকেট জীবনে এসব আসবেই।
ব্যাটিংয়ে ধারাবাহিকতা নিয়ে কাজ করলেও সমালোচনা তার প্রস্তুতিতে প্রভাব ফেলতে দিতে চান না সাদমান। তার কাছে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত অনুশীলন, পরিশ্রম এবং নিজের প্রক্রিয়ায় স্থির থাকা।
এ প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা আসবেই জীবনে। আমি এসব নিয়ে খুব কম চিন্তা করি। আমার কাজ খেলা, প্র্যাকটিস করা, হার্ডওয়ার্ক করা। আমি সবসময় এই প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পাওয়াকে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সঙ্গেও মিলিয়ে দেখছেন সাদমান। তবে সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে না পারার যে ঘাটতি ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যেতে চান তিনি।
টাইগার ওপেনার বলেন, আমার কাজ খেলা, আমি খেলি। কে কখন আসবে, কোন দল আসবে, এটা হয়তো আল্লাহ আমাকে এভাবে রেখেছেন যে ওদের সঙ্গে রান করতে হবে। পুরোটাই হার্ডওয়ার্ক আর লাক।
আরটিভি/এসআর



