ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। টিকিটের চাহিদায় সবাইকে ছাড়িয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ। এমনকি এই ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও পেছনে ফেলেছে।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের টিকিট পেতে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২ কোটির বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ৮৪ লাখ। একই ভেন্যুতে ২১ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ১৪ দলের এই বিশ্বকাপ। আফ্রিকার মাটিতে সর্বশেষ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ২০০৩ সালে। ২৪ বছর পর মহাদেশটিতে ফিরছে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

আইসিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের জন্য আবেদন করেছেন। এ ছাড়া ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচ নিবন্ধন সম্পন্ন হয়েছে। টিকিটের চাহিদায় এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

আফ্রিকা মহাদেশ থেকে জমা পড়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিটের আবেদন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য আবেদন পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। স্বাগতিকদের ম্যাচগুলোর টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ।

জিম্বাবুয়েতেও টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে। দেশটিতে মোট আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। এর মধ্যে ভিক্টোরিয়া ফলসে নতুন নির্মিত ‘মোসি-ওআ-তুনিয়া’ স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে-ভারত ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি।

অন্যদিকে, নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় ছয়টি ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। এর মধ্যে আগামী ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক।

আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের ব্যালট উইন্ডো খোলা থাকবে। আগ্রহীরা tickets.cricketworldcup.com ওয়েবসাইটে গিয়ে পছন্দের ম্যাচের জন্য নিবন্ধন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে পরবর্তী সময়ে এই ব্যালটের মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ থাকবে না।

টিকিটের এমন অভূতপূর্ব চাহিদায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তিনি বলেন, ‘আইসিসি ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রতি মানুষের সাড়া সত্যিই অভূতপূর্ব। চাহিদার এই উচ্চপর্যায়ই টুর্নামেন্টটির বৈশ্বিক আকর্ষণ এবং ২৪ বছর পর আফ্রিকান মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল