
বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামটির আধুনিকায়নে নেওয়া হয়েছে হাইব্রিড মডেলের পরিকল্পনা। এর আওতায় পুরোনো স্থাপনার কিছু অংশ রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে, আর বাকি অংশ ভেঙে নির্মাণ করা হবে নতুন অবকাঠামো। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে পারে দৃশ্যমান নির্মাণকাজ।
সোমবার (৯ নভেম্বর) স্টেডিয়াম পরিদর্শন করে এসব তথ্য জানায় বিসিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
স্টেডিয়ামের আধুনিকায়ন পরিকল্পনা ও অগ্রগতি দেখতে সোমবার বগুড়ায় যান বিসিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সমন্বয় সভা শেষে বিকেলে শহীদ চাঁন্দু স্টেডিয়াম ও সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করেন তারা। এ সময় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এবং পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিসিবির সিইও জানান, স্টেডিয়ামের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। নকশা ও ড্রয়িং চূড়ান্ত হওয়ার পর সংস্কারের ব্যয় নির্ধারণ করা হবে। অন্যদিকে, হাইব্রিড মডেলে পুরোনো স্থাপনা সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মানদণ্ড অনুযায়ী স্টেডিয়ামটি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান বিসিবি পরিচালক আসিফ সিরাজ রব্বানী সানভি।
তিনি আরও জানান, কনসালটেন্ট ফার্মকে নকশা তৈরির জন্য দুই মাস সময় দেওয়া হবে। এরপর ডিপিপি প্রস্তুত, অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদার নিয়োগ করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নির্মাণকাজ। একই সঙ্গে স্টেডিয়ামের পাশে ওয়ান্ডারল্যান্ড পার্কেও গড়ে তোলা হবে উন্নত অনুশীলন সুবিধা।
দীর্ঘ ১৭ বছরের অবহেলা আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার অধ্যায় পেরিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন বগুড়ার ক্রীড়াপ্রেমীরা। এখন তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়ে দ্রুতই শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট।
আরটিভি/এমএইচজে


