
বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম আন্দ্রে রাসেল। ক্যারিবীয় এই তারকার খ্যাতি বিশ্বজোড়া। ব্যাটে-বলে দু’দিক থেকেই সমানে সমান তিনি। বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগগুলোতে এই পেস অল-রাউন্ডারের চাহিদা আকাশ ছোঁয়া। কার্যকরী বোলিংয়ের পর ব্যাট হাতে ছয়ের ঝড় তোলার জন্যই তার এত চাহিদা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেন নিমেষেই।
এবার যেমন খেলতে এসেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল)। এর জন্য বাদ দিয়েছেন অস্ট্রেলীয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ-ব্যাশকে। রাজশাহী রয়্যালসের হয়ে দারুণ দায়িত্ব পালন করছেন অধিনায়কত্বেরও।
শনিবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ঝড় তুলেছেন ব্যট হাতে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ২১ বলে ৩৭ রানের ইনিংস। তাতেই মূলত কুমিল্লার বিপক্ষে শক্ত ভিত পেয়ে যায় রাজশাহী।
এই ৩৭ রানেই রাসেল ছয় হাকিয়েছেন ৪টি। চার ছয়ের আগে রাসেলের ছয়ের সংখ্যা ছিল ৩৯৮টি। আজকের চারটিসহ মোট ছয়ের সংখ্যা দাঁড়ালো ৪০১টি! টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ৭ হাজার ২৮৮ রানের ভেতর ছয় দিয়েই তার রান এসেছে ২ হাজার ৪০৬ রান।
চারশ ছয়ের মাইলফলক ছুঁতে রাসেলকে খেলতে হয়েছে ৩১২ ম্যাচ। ছয়ের সংখ্যায় সবার উপরে আছেন আরেক ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস্টোপার হ্যানরি গেইল। তার ছয়ের সংখ্যা ৯৬৬টি। খেলে চলছেন এখনও।
গেইল ছাড়াও রাসেলের ওপর আছেন আরও তিন জন। ৪৯৬ ম্যাচে ৬৪৭ ছক্কা আছে কাইরন পোলার্ডের। ব্রেন্ডন ম্যাককালামের আছে ৩৭০ ম্যাচে ৪৮৫টি ছয় আর শেন ওয়াটসন অপরাজিত আছেন ৩১৭ ম্যাচে ৪৩১ ছক্কা নিয়ে।
এমআর/ওয়াই




