বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মুখোমুখি স্প্যানিশ ফুটবলের নতুন বিস্ময় লামিনে ইয়ামাল। লা ফিনালিসিমা দেখার জন্য মুখিয়ে আছে গোটা দুনিয়া। কিন্তু বহুল প্রতীক্ষিত ২০২৬ ফিনালিসিমার ভেন্যু নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনালিসিমা ম্যাচের সম্ভাব্য তারিখ ২৭ মার্চ ঘনিয়ে এলেও এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু ও আয়োজনের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হচ্ছে, এটা নিশ্চিত। তবে নতুন গন্তব্য কোথায়, তা নিয়ে উয়েফা ও কনমেবলের মধ্যে চলছে দড়ি টানাটানি।
এই অচলাবস্থা কাটাতে বিকল্প হিসেবে দুই লেগের ম্যাচ আয়োজনের ধারণাও বিবেচনা করা হচ্ছে, যদি একটি নির্দিষ্ট ভেন্যুতে ম্যাচ আয়োজন সম্ভব না হয়। ফিনালিসিমা মূলত ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে ম্যাচ। বর্তমানে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ট্রফির জন্য মুখোমুখি হওয়ার কথা।
টুর্নামেন্টটি আগে আরতেমিও ফ্রাঙ্কি কাপ নামে পরিচিত ছিল। প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে, যেখানে আর্জেন্টিনা ডেনমার্ককে হারিয়ে শিরোপা জেতে। দ্বিতীয় আসর হয় ১৯৯৩ সালে, যেখানে ফ্রান্স উরুগুয়েকে পরাজিত করে। এরপর দীর্ঘ বিরতির পর নতুন নামে ‘ফিনালিসিমা’ হিসেবে টুর্নামেন্টটি ফিরে আসে এবং সর্বশেষ আসরে আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে শিরোপা জেতে।
ফুটবলের দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মুখোমুখি করানোর এই ট্রফিটিকে ফুটবল ক্যালেন্ডারে ধরে রাখতে উয়েফা দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য ম্যাচটি যে কোনোভাবে আয়োজন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
আরটিভি/এমআই




