
আসিয়ান কাপ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৮ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছিল জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলনে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করে প্রাথমিক দল থেকে ৬ জনকে বাদ দিয়েছেন কোচ থমাস ডুলি।
বাদ পড়াদের মধ্যে রয়েছেন— জাতীয় দলের অভিজ্ঞ ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার ও রাহুল।
জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ডুলির অধীনে আবার দলে ফিরেছিলেন ইসা ফয়সাল। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে শুরুর একাদশেও ছিলেন এই ফুলব্যাক। তবে আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।
কাজেম শাহ ও তাজ উদ্দিনও ডুলির অধীনে সান মারিনো সফরের দলে ছিলেন। এবার তাদেরও বাদ পড়তে হয়েছে। আর প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার ক্যাম্পে নিজেদের প্রমাণের সুযোগ পেলেও কোচের মন জয় করতে পারেননি।
তবে বর্তমানে কিংস অ্যারেনায় অনুশীলন করা দলে নেই বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, সমিত সোম, তারিক কাজী ও ফাহামিদুল ইসলাম। জানা গেছে, আসিয়ান কাপ শুরুর আগেই তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে। দুই দিন পর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।
আরটিভি/এসআর




