
২০২৭ সালে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদে ফিফার সভাপতি হওয়ার লক্ষ্য নিয়ে এরই মধ্যে নিজের নির্বাচনী অবস্থান পরিষ্কার করেছেন সুইস-ইতালিয়ান এই প্রশাসক।
২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেসে নির্ধারিত হবে নতুন মেয়াদে সংস্থাটির নেতৃত্ব কার হাতে থাকবে। তবে ইনফান্তিনোর বিপক্ষে কেউ নির্বাচনে লড়বেন কি না, নাকি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তার চিত্র স্পষ্ট হবে নভেম্বরে। প্রেসিডেন্ট পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।
এখন পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেননি। এর মধ্যেই শনিবার নতুন মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ইনফান্তিনো। একই সঙ্গে ঘোষণা করেছেন নিজের নির্বাচনী স্লোগানও।
ইনফান্তিনো বলেন, নতুন নির্বাচনে আমি অবশ্যই একজন প্রার্থী হব। আর আমার স্লোগান খুবই সহজ সরল ফুটবল বিশ্বের সর্বত্র, সকলের। এটাই আমি বিশ্বাস করি।
বিশ্বের প্রতিটি মানুষের জন্য ফুটবলের সুযোগ নিশ্চিত করাই তার মূল বার্তা। সবাইকে স্বপ্ন দেখার এবং ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার পাশাপাশি বড় ফুটবল জাতিগুলোর সঙ্গে অন্য দেশগুলোর ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যেও কাজ করার কথা জানিয়েছেন ফিফা প্রধান।
চতুর্থ মেয়াদে নির্বাচিত হলে বিশ্বব্যাপী ফুটবলের প্রসার এবং সুযোগের সমতা তৈরিতে আরও জোর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আরটিভি/এসকে




