
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতাও এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ও আয়ারল্যান্ড নেশনস লিগের একই গ্রুপে পড়ার পর থেকেই ম্যাচ বয়কটের দাবি জোরালো হয়ে ওঠে আয়ারল্যান্ডে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দেশটিতে চলমান তীব্র বিতর্কের প্রভাব পড়ে ফুটবলেও। ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণাও শুরু হয় ম্যাচ দুটি না খেলার দাবিতে।
শনিবার সকাল পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ছিল। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। দলের ট্রেনিং সেশনেও দেখা দেয় বিলম্ব।
এরপর হোটেলে খেলোয়াড়রা নিজেদের মধ্যে বৈঠক করেন। ম্যাচ খেলা নিয়ে দলের ভেতরে উদ্বেগের মধ্যে গোলকিপার গাভিন বাজুনু নিজেকে সরিয়ে নেন। পরে খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ম্যাচটি খেললেও নিজেদের অবস্থান স্পষ্ট রাখছে আয়ারল্যান্ড। হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ খেলোয়াড়রা।
ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন। দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলোয়াড়দের অন্যতম অনুরোধ ছিল, চলতি আন্তর্জাতিক বিরতিতে বাকি সময়ে তারা গণমাধ্যমের কার্যক্রমে অংশ নেবেন না। একই সঙ্গে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোরেল আরও জানান, ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতায় অংশ নেবে না রিপাবলিক অব আয়ারল্যান্ড। পাশাপাশি খেলোয়াড়দের ইচ্ছা অনুযায়ী, ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচের ফি এবং বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দাতব্য কাজে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
অর্থাৎ, বয়কটের পরিবর্তে মাঠে নামলেও ম্যাচটিকে গাজায় নিহতদের প্রতি সংহতি প্রকাশের একটি বার্তা হিসেবে ব্যবহার করতে চাইছে আয়ারল্যান্ড।
আরটিভি/এসকে



