
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি।
আগের সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ান কাপ। তবে নতুন সূচিতে টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর। পর্দা নামবে ২০২৮ সালের ২১ জানুয়ারি।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট লজিস্টিক জটিলতা ও যাতায়াত বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে এএফসি জানায়, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতি, বিশেষ করে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্ন বিবেচনায় নিয়েই টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়ছে সৌদি আরবের অন্যান্য ক্রীড়া আয়োজনেও। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টেনিসের প্রদর্শনীমূলক টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্ল্যাম’ বাতিল করা হয়েছে।
এশিয়ান কাপের সূচি পরিবর্তনের ফলে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ ও আবাসন পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে। এতে আয়োজকদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
তবে ২০২৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। বাছাইপর্বে সিঙ্গাপুর, হংকং ও ভারতের সঙ্গে ‘সি’ গ্রুপে খেলেছিল হামজা চৌধুরীদের দল। ছয় ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করে বাংলাদেশ।
অন্যদিকে, গ্রুপের অপরাজিত দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর।
আরটিভি/এসকে


