
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
তবে ক্যাম্প ছাড়ার সুনির্দিষ্ট কারণ এখনই জানাননি রোনালদো। বরং ভবিষ্যতে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের এই অধিনায়ক।
রোনালদো লেখেন, সময় হলে আমি সব পর্তুগিজকে জাতীয় দল ছাড়ার পেছনের কারণগুলো সম্পর্কে সত্যটা বলব। এই দলের জন্য আমি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি।
রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘটনা সামনে এসেছে ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচের ঠিক আগে। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে জাতীয় দলে নানা আলোচনা চলছিল। নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে তিনি মাঠে নামেননি। এরপর ডেনমার্ক ম্যাচের প্রস্তুতিতে তার অনুশীলনে অংশ নেওয়া নিয়েও তৈরি হয় আলোচনা।
ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়ে সতীর্থদের জন্যও শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, এখন পর্তুগাল ও আমার সব সতীর্থকে শুভকামনা জানানোর সময়।
আরটিভি/টিআর




