ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম
বিদায়ী ম্যাচের মেসির গোল উদযাপন। ছবি: এএফপি

অবশেষে বেজে উঠলো ছুটির ঘণ্টা, আর্জেন্টিনা ফুটবল থেকে বিদায় নিলেন কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। ১ গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়টা স্মরণীও করে রাখলেন তিনি।

বুধবার (৭ ভোরে) বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি।
এরপর আরও দুইবার বেনিনের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় আর্জেন্টিনা। ৬১ মিনিটে মেসির অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন ইয়াংস্টার নিকো পজ। পরে ৭১ মিনিটে শেষ গোলটি করেন মেসি নিজেই।

জাতীয় দলের হয়ে ২১ বছরের দীর্ঘ পথচলার শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচের আগে থেকেই মনুমেন্টালে ছিল উৎসবের আবহ। গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থক প্রিয় তারকাকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখতে জড়ো হন।

ম্যাচের আগে ও পরে ছিল বিশেষ আয়োজন। গান, সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও আতশবাজির মধ্য দিয়ে মেসিকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

শেষ পর্যন্ত মাঠের ফলও মেসির পক্ষে গেছে। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির সঙ্গে বিদায় নিলেন ওতামেন্দি
লিওনেল মেসির সঙ্গে বিদায় নিলেন আরও এক বিশ্বকাপ জয়ী তারকা নিকোলাস ওতামেন্দি। মেসি মতো বিদায়ী ম্যাচে গোল করেছেন এই সেন্টারব্যাক। মেসির কর্নার থেকে গোল করে যেন নিজের শেষ রাতটাকেও রাঙিয়ে রাখলেন তিনি। বুধবার (৭ অক্টোবর) গোলের আনন্দ অবশ্য বেশিক্ষণ উপভোগ করতে পারেননি তিনি। মিনিট দুয়েক পরই ওতামেন্দিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।  মাঠ ছাড়ার সময় গ্যালারিজুড়ে বেজে ওঠে করতালি। ‘স্ট্যান্ডিং ওভেশন’-এ বিদায় জানায় মনুমেন্টাল। সতীর্থরাও এগিয়ে এসে হাত মিলিয়ে জড়িয়ে ধরেন দীর্ঘদিনের এই সঙ্গীকে। বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ওতামেন্দি। তবে মেসির বিদায়ি ম্যাচকে সামনে রেখে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তাকে বিশেষভাবে দলে ফেরান স্কালোনি। ফলে মেসির সঙ্গে একই রাতে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার সুযোগ হয় তারও। ম্যাচের আগে এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলনও সেরে ফেলেছিলেন ওতামেন্দি। এরপর সামাজিক মাধ্যমে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করে আবেগঘন বার্তা দেন এই ডিফেন্ডার। ‘মাঠের প্রতিটি কোণ যেন কোনো না কোনো গল্প ধরে রেখেছিল। জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা শুধু একটি স্বপ্ন পূরণ ছিল না; এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি।’ আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ওতামেন্দি। তবে তার বার্তার সবচেয়ে আবেগঘন অংশটি ছিল মেসিকে ঘিরে।  সতীর্থ ও বন্ধুর বিদায়ের রাতের আগে তিনি লিখেছিলেন, আগামীকাল খুব বিশেষ একটি দিন। কারণ এটি সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা আমার জন্য ছিল গর্বের, ছোট্ট মানুষ। আজ সেই ‘বিশেষ দিন’।  মেসির শেষ ম্যাচের আবেগের সঙ্গী হয়ে নিজের শেষটাও স্মরণীয় করে রাখলেন ওতামেন্দি। আর বিদায়ের আগে গোল করে রেখে গেলেন এমন এক স্মৃতি, যা আর্জেন্টিনার জার্সিতে তার শেষ অধ্যায়ের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে।  আরটিভি/এসআর
মেসির সঙ্গে বিদায় নিলেন ওতামেন্দি
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
আর্জেন্টাইন ফুটবলে শেষ হলো মেসি অধ্যায়। তার বিদায়ে চুপ থাকতে পারেনি বন্ধু নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। ক্যাপশনে নেইমার লিখেছেন, ‌যারা ফুটবল ভালোবাসেন, তারা এ বছরগুলোতে আপনাকে উপভোগ করেছেন…আজ দেশের ও আপনার জাতীয় দলের জার্সি গায়ে আপনার শেষ ম্যাচ। আশা করি, আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন এবং আজকের সব সম্মাননা আপনাকে আনন্দিত করবে। ‘শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য আপনি যা করেছেন তার জন্য পুরো বিশ্ব আপনার কাছে কৃতজ্ঞ। ফুটবলকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।’  তিনি আরও লেখেন, আপনার বিপক্ষে খেলাটা ছিল একটা সম্মানের বিষয়, আর আপনার পাশে খেলে ইতিহাস গড়াটা তার চেয়েও বড় প্রাপ্তি। ধন্যবাদ লিও মেসি। আরটিভি/এসআর
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এছাড়া বুধবার (৭ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিকাল ৫-৩০ মিনিট, সরাসরি, টি স্পোর্টস ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ রাত ৯-৩০ মিনিট, সরাসরি, টি স্পোর্টস আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।  প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। আমিনুল হক বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়াতে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়েও ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান। মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল অর্জনের লক্ষ্যে সরকার শুধু অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায়। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
রাত পোহালেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে আবেগে ভাসছে আর্জেন্টিনা। বিশেষ করে তার জন্মশহর রোজারিও যেন সেজেছে এক ভিন্ন রূপে। বুধবার (৬ অক্টোবর) আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল’ স্টেডিয়াম ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। যেখানে প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ৩৯ বছর বয়সী এই তারকার জাদু দেখার জন্য উপস্থিত থাকবেন। প্রিয় তারকাকে সম্মান জানাতে রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে স্থাপন করা হয়েছে ৩০ মিটার দীর্ঘ একটি বিশেষ জার্সি। জার্সিটিতে সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’—স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘ধন্যবাদ’। বিশাল ওই জার্সির বুকে সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে মেসির বিখ্যাত ১০ নম্বর।  আর্জেন্টিনার হয়ে তার অসাধারণ অবদানকে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)ও।  ম্যাচ শুরুর আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও সংগীত পরিবেশনা। ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণ করে তৈরি একটি বিশেষ স্মারক জার্সি। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও। শেষ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। সতীর্থদের সঙ্গে তাকে বেশ হাসিখুশি দেখা গেছে। দীর্ঘদিনের সঙ্গীদের সঙ্গে শেষবারের মতো সময় কাটিয়ে নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায়ও মেতে উঠতে দেখা গেছে তাকে। মনুমেন্টালে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন শেষে নিজের নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে রাতের খাবার খান মেসি। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’     পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। সেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং এএফএর কর্মীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় মেসিকে।  জাতীয় দলের সবার সঙ্গে ছবি তোলা তার জন্য নতুন কিছু না হলেও, এবার ছবিটির আবেগময় তাৎপর্য ভিন্ন। কারণ, আর্জেন্টিনার জার্সিতে এটিই তার শেষ অধ্যায়ের শেষ মুহূর্তগুলোর একটি। গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন মেসি। সেই ঘোষণার পর এবার মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে তিনি করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ অসংখ্য সাফল্যে ভরা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় রচিত হবে আগামীকাল ভোরে। আরটিভি/এসআর
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
আরও পড়ুন
মেসির সঙ্গে বিদায় নিলেন ওতামেন্দি
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
বিদায়ের মঞ্চ প্রস্তুত, রাত পোহালেই আর্জেন্টিনায় মেসি অধ্যায়ের সমাপ্তি