
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। ম্যাচে গোল না পেলেও রদ্রিগো দে পলের গোল করিয়ে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।
আজ নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। ২০ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জার্মান বার্তেরাম। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন দে পল। বক্সের বাইরে মেসির কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা চালায় নিউইয়র্ক সিটি এফসি। ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগও পেয়েছিল তারা। তবে নিকোলাস ফের্নান্দেস মেরকাউয়ের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
এই জয়ে নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে নিউইয়র্ক সিটি এফসি। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল এসসি।
মায়ামির প্লে-অফ নিশ্চিত করার পথে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক মেসি। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ২৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল।
ম্যাচ শেষে মেসির প্রশংসা করেছেন মায়ামির কোচ ক্রিস্তিয়ান কিলি গনসালেস। তিনি বলেন, ‘এই ক্লাব তাকে আগলে রাখে, সুরক্ষা দেয়। সতীর্থরাও তাকে সব সময় ভালোবাসা দেখায়। তারা তার জন্য নিজেদের সর্বস্ব দেয়। মেসি প্রতিদিন আমাদের আরও ভালো হতে অনুপ্রাণিত করে।’
২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা।
আগামী রোববার আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। একই দিনে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নামবে নিউইয়র্ক সিটি এফসি।
আরটিভি/এসকে


