
ব্রাজিলের জাতীয় ফুটবল দলে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ফুটবলারের। বাদ পড়াদের তালিকায় রয়েছেন অ্যালিসন বেকার, এদেরসন, মার্কিনিওস, ক্যাসেমিরো, এদের মিলিতাও ও লুকাস পাকেতার মতো পরিচিত মুখ।
অন্যদিকে, ঘোষিত দলে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ। প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন আন্দ্রে লুইজ, মারলন গোমেস, জনাথন জেসুস, অ্যালিসন সান্তানা ও অ্যালান। নতুনদের অন্তর্ভুক্তি নিয়েই এবারের দল ঘোষণা ঘিরে তৈরি হয়েছে বাড়তি আলোচনা।
নতুনদের মধ্যে মারলন গোমেস ও অ্যালিসন সান্তানার বয়সভিত্তিক পর্যায়ে ব্রাজিলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। মারলন খেলেছেন অলিম্পিক দলে, আর অ্যালিসন ছিলেন অনূর্ধ্ব-২০ দলে। দুজনই বর্তমানে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে খেলছেন। এ ছাড়া আন্দ্রে লুইজ খেলেন করিন্থিয়াসে, জনাথন জেসুস ক্রুজেইরোতে এবং অ্যালান রয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে।
তবে অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতেও ব্রাজিলের দলে রয়েছে বেশ কয়েকজন বড় নাম। আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এস্তেভাও, এন্দরিক, গ্যাব্রিয়েল ম্যাগালহাস ও ব্রুনো গিমারায়েস। সব মিলিয়ে তারুণ্যনির্ভর একটি দলই সাজিয়েছেন আনচেলত্তি। জাতীয় দলের হয়ে অধিকাংশ খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও তুলনামূলক কম।
আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন ফুটবলারদের পরখ করে দেখা এবং দলের বেঞ্চের শক্তি যাচাই করাই হতে পারে এই দুই ম্যাচে আনচেলত্তির অন্যতম লক্ষ্য।
ব্রাজিলের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি ও মরিস্কো।
ডিফেন্ডার: আর্থুর দিয়াস, কার্লোস অগাস্তো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, জাইর কুনহা, জনাথন জেসুস, ভেন্ডারসন, ভিতর রেইস ও ওয়েসলে।
মিডফিল্ডার: আন্দ্রে লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, গ্যাব্রিয়েল বনটেম্পো, জোয়াও গোমেস ও মারলন গোমেস।
ফরোয়ার্ড: অ্যালিসন সান্তানা, অ্যালান, এন্দরিক, এস্তেভাও, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।
আরটিভি/এসকে


