
ফিফার বিশেষ উদ্যোগ ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে’ যুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার সুনীল ছেত্রী। এই কর্মসূচিতে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ফিফার এই বিশেষ প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছেন ৪২ বছর বয়সী এই ভারতীয় তারকা।
ফুটবলারদের জনপ্রিয়তা ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ২০২৫ সালে শুধু নারী ফুটবলারদের নিয়ে যাত্রা শুরু করা প্রোগ্রামটির পরিধি এবার বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন করে বিশ্বের ১৩ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই উদ্যোগে।
গত জুনে যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত তিন দিনব্যাপী ‘ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর ওয়ার্কশপে’ ছেত্রীসহ ১১ জন ফুটবলার অংশ নেন। সেখানে শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সমান সুযোগ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং এসব সমস্যা মোকাবিলায় বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও করেন অংশগ্রহণকারীরা।
এই কর্মসূচিতে ছেত্রীর পাশাপাশি রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে ও ব্রাজিলের গাবি নুনেসসহ আরও কয়েকজন তারকা ফুটবলার।
আগামী ডিসেম্বর মাসে লন্ডনে আবারও একত্রিত হবেন কর্মসূচির অংশগ্রহণকারীরা। এ ছাড়া ভার্চ্যুয়াল সেশনের মাধ্যমে নিজেদের সামাজিক প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারা।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এই উদ্যোগে ছেত্রীর অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।
আরটিভি/এসকে




