
ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।
গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় স্তরের ফুটবল লিগে ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজা ও ক্লাব রিও আগারসিওর মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা। সহকারী রেফারি লেনিন জিওভানি ওজেদাকে নুনিয়েজের দিকে পাথর ছুড়ে মারেন পারলাজা। এতে গুরুতর আহত হন ওই ম্যাচ কর্মকর্তা। পরে ম্যাচটি স্থগিত করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে পারলাজার শাস্তির বিষয়টি নিশ্চিত করে এফইএফ। ফেডারেশন জানায়, গুরুতর আঘাতের কারণে সহকারী রেফারির অস্ত্রোপচার প্রয়োজন হয় এবং সুস্থ হতে ৬০ দিন সময় লাগে।
শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক আগ্রাসনের দায়ে পারলাজাকে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। ফলে ২০৩৪ সালের ১৯ অক্টোবরের আগে ফুটবলে ফেরার সুযোগ নেই তার। এ ছাড়া নিষেধাজ্ঞাটি যেন বিশ্বব্যাপী কার্যকর হয়, সে জন্য ফিফার কাছে আবেদন জানাবে ইকুয়েডর ফুটবল ফেডারেশন।
এ ঘটনায় ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজাকেও আর্থিক জরিমানা গুনতে হচ্ছে। ২ হাজার মার্কিন ডলার জরিমানার পাশাপাশি আহত সহকারী রেফারির চিকিৎসা ব্যয় বাবদ আরও ৪ হাজার ৩৬৯ ডলার দিতে হবে ক্লাবটিকে।
ঘটনার তিন দিন পর, ২০ অক্টোবর এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছিল ইয়ান্তজাজা। রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ক্লাবটি জানায়, মাঠের ভেতরে কিংবা বাইরে যেকোনো ধরনের মৌখিক ও শারীরিক আগ্রাসনের বিরুদ্ধে তারা। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় ক্লাবটি।
আরটিভি/এসকে


