
ফিফা উইন্ডোর বিরতি শেষে মাঠে ফিরে সুখবর পায়নি বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জার্মান জায়ান্টরা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের চোট।
বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ককে। বায়ার্নের পক্ষ থেকে কয়েক মাসের অনুপস্থিতির কথা জানানো হলেও জার্মান সংবাদমাধ্যমের খবর, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শুক্রবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। সাইদ এল মালারের ব্যাকহিল পাস থেকে গোল করেন টটেনহাম থেকে ধারে খেলতে আসা ইংলিশ ফরোয়ার্ড।
এর আট মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। তার বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বায়ার্ন। ৩৭ মিনিটে বিশফের পাস থেকে গোল করে দলকে খেলায় ফেরান নাথানিয়েল ব্রাউন।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এদিকে কেইনের পাশাপাশি ম্যাচে চোট পেয়েছেন বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসেও। তবে তার চোট গুরুতর নয়। পায়ের সামনের অংশে কালশিটে পড়ায় মাঠ ছাড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।
কেইনের চোটের বিষয়ে এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তার বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ড্রয়ের পরও বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে গুরুত্বপূর্ণ সময়ে কেইনের দীর্ঘ অনুপস্থিতি শিরোপা ধরে রাখার লড়াইয়ে বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে।
আরটিভি/এসকে


