
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা। গোল না পেলেও একটি অ্যাসিস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) ইতালির সিরি সি লিগের ডার্বিতে ফোরলির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রাভেনা। ম্যাচটিতে শুরুর একাদশেই ছিলেন রোনালদিনহো। প্রায় ১৫ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা এই কিংবদন্তি প্রথমার্ধে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেন।
রাভেনার প্রথম গোলেও অবদান ছিল তার। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে সতীর্থের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান রোনালদিনহো। সেই আক্রমণের ধারাবাহিকতায় বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন জিউলিও দোনাতি। এর আগে কর্নার থেকেও দোনাতির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে বল ফিরিয়ে দেন।
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। এরপর গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে রাভেনার সঙ্গে যুক্ত হন তিনি। এবার সেই ক্লাবের হয়েই অবসর ভেঙে মাঠে ফিরলেন দুইবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
ম্যাচের প্রথমার্ধের বিরতিতে তাকে ঘিরে সংবাদকর্মীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। এ সময় মাঠে তার সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক গোলরক্ষক দিদা। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় বিরতির পরই রোনালদিনহোকে তুলে নেওয়া হয়।
রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যেও ছিল ব্যাপক উন্মাদনা। রাভেনার ঘরের মাঠ স্টেডিও ব্রুনো বেনেলিতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দর্শকে পরিপূর্ণ। তার পরিচিত জার্সি নম্বরের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছিল ‘আর১০’ নামের বিশেষ অস্থায়ী স্ট্যান্ড। বিশ্বের বেশ কয়েকটি দেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়।
মজার বিষয় হলো, ম্যাচের আগে শনিবার মাত্র একবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন রোনালদিনহো। ম্যাচপূর্ব গ্রাফিকসে তাকে বাঁ প্রান্তে দেখানো হলেও মাঠে মূলত মাঝমাঠেই খেলেছেন তিনি।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদিনহো। এছাড়া বার্সেলোনা ও এসি মিলানের হয়ে লিগ শিরোপা জয়ের পাশাপাশি ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। পিএসজি, গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো, অ্যাটলেটিকো মিনেইরো, ফ্লুমিনেন্স ও মেক্সিকোর কেরেতারোতেও খেলেছেন তিনি।
ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯৯টি গোল করেছেন রোনালদিনহো। রাভেনার হয়ে মাঠে নেমে নিজের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করার আশাও ছিল তার। এমনকি দল পেনাল্টি পেলে সেটি নেওয়ার পরিকল্পনাও ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তির।
ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে রোনালদিনহো বলেন, ‘এখানে থাকা, খেলা এবং ড্রেসিংরুমে সময় কাটানো সত্যিই দারুণ ব্যাপার ছিল।’
সিরি সি গ্রুপে দ্বিতীয় অবস্থানে থাকা রাভেনার হয়ে আবারও মাঠে নামবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট যদি আমাকে ডাকেন, তাহলেই আমি আবার নামব।’
আরটিভি/এসকে




