
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের তোপের মুখে পড়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনিয়া। ভিডিওর আংশিক বক্তব্যের ভিত্তিতে তাকে ‘জাতীয় বেইমান’ আখ্যা দিয়েছেন সমর্থকদের একাংশ। তবে পুরো সাক্ষাৎকার শুনলে স্পষ্ট হয়, রাফিনিয়ার বক্তব্যের অর্থ ছিল ভিন্ন।
বার্সেলোনার অফিশিয়াল চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মাঠে খেলানোর অনুরোধ করেন রাফিনিয়া। তার মতে, অতিরিক্ত ক্লান্তির কারণে কোনো খেলোয়াড় চোটে পড়লে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে ব্রাজিলের জাতীয় দলই।
কিন্তু সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেন সমর্থকদের অনেকে। ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর সাংবাদিক ডগলাস চেকোনেলোও জানিয়েছেন, ভিডিওটি ঘিরে রাফিনিয়াকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
অথচ জাতীয় দলের প্রতি রাফিনিয়ার নিবেদন নিয়ে রয়েছে ভিন্ন চিত্র। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে তিনি আগেভাগেই অস্ত্রোপচার করিয়েছিলেন। বার্সেলোনা চেয়েছিল আন্তর্জাতিক বিরতিতে তার অস্ত্রোপচার করাতে। কিন্তু ব্রাজিলের হয়ে খেলার সুযোগ নিতে চিকিৎসার সময় এগিয়ে আনেন এই উইঙ্গার।
এ ছাড়া শনিবার (১৫ নভেম্বর) জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে মার্কিনিওস খেলতে না পারায় অধিনায়কের দায়িত্বও পান রাফিনিয়া। আনচেলত্তির এই সিদ্ধান্ত জাতীয় দলে তার গুরুত্বেরই ইঙ্গিত দেয়।
সাক্ষাৎকারে রাফিনিয়া স্পষ্ট করেছেন, শারীরিক অবস্থা যতটা অনুমতি দেবে, ব্রাজিলের হয়ে ততটাই খেলতে চান তিনি। তার ভাষায়, জাতীয় দলের হয়ে ‘সম্ভব প্রতিটি মিনিট’ মাঠে থাকতে চান।
তবে ব্রাজিলের জার্সিতে রাফিনিয়ার পারফরম্যান্স নিয়ে সমালোচনাও রয়েছে। বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেললেও জাতীয় দলে এখনো সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। সর্বশেষ বিশ্বকাপেও চোটের কারণে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের পর আর মাঠে নামা হয়নি তার।
অন্যদিকে বার্সেলোনায় কোচ হান্সি ফ্লিকের অধীনে উইঙ্গারের পাশাপাশি আক্রমণের কেন্দ্রীয় ভূমিকাতেও খেলছেন রাফিনিয়া। নতুন মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৪ ম্যাচে তার গোলসংখ্যা ১৯।
আনচেলত্তিও জাতীয় দলে রাফিনিয়াকে একই ধরনের ভূমিকায় ব্যবহারের কথা ভাবছেন। তবে বার্সেলোনা ও ব্রাজিলের খেলার ধরনে পার্থক্য থাকায় তাকে কার্যকরভাবে কাজে লাগাতে কৌশলগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
সব মিলিয়ে, একটি অসম্পূর্ণ ভিডিও ক্লিপের ভিত্তিতে রাফিনিয়াকে ‘জাতীয় বেইমান’ আখ্যা দেওয়ার আগে তার পুরো বক্তব্য, জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা ও অবদান বিবেচনায় নেওয়াই যুক্তিযুক্ত।
আরটিভি/এসকে




