
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে গেছে। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলী খেলার ওপর বিশেষ জোর দিয়েছেন কোচিং স্টাফরা। দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের একটি চমৎকার ভারসাম্য রয়েছে, যা মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
দেশ ছাড়ার প্রাক্কালে বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।
বাংলাদেশ দল, ভারতের পাঞ্জাবে (জলন্ধর ও মোহালি) আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।
লিগ পর্বে বাংলাদেশ মোট ৫টি ম্যাচে অংশ নেবে। বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে (সন্ধ্যা ৭:৩০), ২৯ অক্টোবর জাপানের বিপক্ষে (বিকেল ৫:১৫), ৩০ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে (বিকেল ৩:০০), ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে (বিকেল ৩:০০) এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে (বিকেল ৩:০০) ম্যাচ অনুষ্ঠিত হবে।
লিগ পর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ এবং ৫ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসকে


