
বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভুয়া ভিপিএন অ্যাপের মারাত্মক ঝুঁকি সম্পর্কে জরুরি সতর্কবার্তা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি জানায়, সাইবার অপরাধীরা এখন আসল অ্যাপের মতো দেখতে জাল ভিপিএন তৈরি করে অ্যাপ স্টোরে ছড়িয়ে দিচ্ছে, যার লক্ষ্য ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি এবং অনলাইন প্রতারণা চালানো।
গুগলের তথ্যমতে, বিশ্বের প্রায় ৩.৯ বিলিয়ন (৩৯০ কোটি) অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই ঝুঁকির মুখে রয়েছে। অনেক সময় ব্যবহারকারীরা বুঝতে না পেরে এসব ক্ষতিকর অ্যাপ ইনস্টল করে ফেলছেন, যার মাধ্যমে তাদের স্মার্টফোনে ম্যালওয়্যার, ব্যাংকিং ট্রোজানসহ বিভিন্ন স্পাইওয়্যার প্রবেশ করছে।
গুগলের ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরি রিচার্ডসন বলেন, অপরাধীরা জনপ্রিয় ভিপিএন ব্র্যান্ডের ছদ্মবেশে অ্যাপ ছড়ায়। যৌন ইঙ্গিতপূর্ণ বিজ্ঞাপন বা রাজনৈতিক ঘটনার সুযোগ নিয়ে তারা অসচেতন ব্যবহারকারীদের টার্গেট করে। এসব অ্যাপ ইনস্টল হলে ব্যক্তিগত বার্তা, ব্রাউজিং ইতিহাস, ব্যাংকিং তথ্য ও ক্রিপ্টো ওয়ালেটের মতো সংবেদনশীল ডেটা তাদের হাতে চলে যায়।
গুগলের পরামর্শ
.শুধু অফিশিয়াল উৎস থেকে ভিপিএন অ্যাপ ডাউনলোড করতে হবে।
.গুগল প্লে স্টোরে ‘VPN’ ব্যাজ আছে কি না তা নিশ্চিত করা জরুরি।
.ভিপিএন অ্যাপ কোনোভাবেই কনটাক্ট বা মেসেজ অ্যাক্সেস চাইতে পারে না—এ ধরনের অনুমতি চাওয়া অ্যাপ থেকে দূরে থাকতে হবে।
.ডাউনলোড সতর্কবার্তা সবসময় মনোযোগ দিয়ে পড়তে হবে।
.অ্যান্টিভাইরাস সক্রিয় রাখতে হবে।
আরও যেসব প্রতারণা বাড়ছে
.গুগলের নিরাপত্তা টিম আরও পাঁচ ধরনের অনলাইন প্রতারণার প্রবণতার কথা জানিয়েছে—
.অনলাইন চাকরির প্রতারণা
.নেতিবাচক রিভিউয়ের ভয় দেখিয়ে অর্থ আদায়
.এআই পণ্যের ভুয়া অ্যাপ
.‘রিকভারী স্ক্যাম’ বা প্রতারণা মোকাবিলার নামে প্রতারণা
.ব্ল্যাক ফ্রাইডে/সাইবার মানডে মৌসুমি প্রতারণা
.গুগল বিশেষভাবে সতর্ক করেছে, ব্ল্যাক ফ্রাইডে (২৮ নভেম্বর) সামনে রেখে অত্যন্ত কম দামের “অস্বাভাবিক আকর্ষণীয় অফার”-এ বিভ্রান্ত না হতে।
.এ ছাড়া ডেলিভারি সার্ভিসের নামে পাঠানো সন্দেহজনক ইমেল বা এসএমএসের লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এখনই সচেতন না হলে ভুয়া ভিপিএন অ্যাপের মাধ্যমে বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত তথ্য বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।
আরটিভি/এসকে




