গুগলের জেমিনি লাইভে বড় ধরনের আপডেট, চালু হলো ৫ নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৭:৪৯ পিএম


গুগলের জেমিনি লাইভে বড় ধরনের আপডেট: চালু হলো ৫ নতুন সুবিধা
ছবি: সংগৃহীত

গুগল তাদের কথোপকথনভিত্তিক এআই সেবা জেমিনি লাইভে নতুন সংস্করণ প্রকাশ করেছে, যা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি নতুন সুবিধা নিয়ে এসেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে এখন ব্যবহারকারীরা আরও উন্নত ও স্বতন্ত্র কথোপকথনের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

গুগল ব্লগের তথ্য অনুযায়ী, নতুন আপডেটে ব্যবহারকারীরা কথোপকথনের নিয়ন্ত্রণে বেশি স্বাধীনতা পাবেন। শব্দের মাত্রাই নয়, কথার কণ্ঠস্বরের ওঠানামা, ছন্দ এবং বাক্যের অনুভূতিকে জেমিনি লাইভ এখন আরও ভালোভাবে বুঝতে পারবে। এর ফলে মানুষের সঙ্গে কথোপকথনে এআইয়ের পারস্পরিক সংযোগ অনেক বেশি প্রাকৃতিক ও বাস্তবসম্মত হবে।

গুগলের এআই বিভাগের নির্বাহী জশ উডওয়ার্ড বলেন, এই নতুন মডেল ব্যবহারকারীর অভিজ্ঞতায় বড় পরিবর্তন নিয়ে আসবে। ব্যবহারকারীরা এখন চাইলে জেমিনি লাইভকে ধীরে বা দ্রুত কথা বলার নির্দেশ দিতে পারবেন। সংবেদনশীল কিংবা জটিল আলোচনার সময় এআই স্বয়ংক্রিয়ভাবে কোমল ও শান্ত স্বরে সাড়া দেবে।

বিজ্ঞাপন

তাছাড়া, গল্প বলার সময় কণ্ঠস্বর, ছন্দ ও চরিত্রভেদে কণ্ঠ নিয়ন্ত্রণ আরও উন্নত হয়েছে। জেমিনি লাইভ এখন বিভিন্ন অ্যাকসেন্ট যেমন কাউবয় কিংবা ককনি ভাষার স্বর অনুকরণ করতে সক্ষম, যা কথোপকথনকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তুলবে।

শিক্ষার ক্ষেত্রে জেমিনি লাইভ বিদেশি ভাষা শেখা ও সাহিত্য বিষয়ক পড়াশোনায় আরও ব্যবহার উপযোগী পরামর্শ দেবে। এটি ব্যবহারকারীর শেখার ধরন, অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড গাইডলাইন তৈরি করবে। চাকরির সাক্ষাৎকার, উপস্থাপনা কিংবা ব্যক্তিগত আলোচনার জন্য অনুশীলনের সুযোগও থাকছে।

বিজ্ঞাপন

গুগল বিশ্বাস করে, এই নতুন সুবিধাগুলো ব্যবহারকারীর আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুগলের জেমিনি লাইভ এখন আরও মানুষের কথার সূক্ষ্মতা বুঝে স্বাভাবিক এবং কার্যকরী কথোপকথনের জন্য নতুন ধরনের নিয়ন্ত্রণ, ভাষা ও শেখার সুবিধা দিচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission