
টিকটকে লাইফস্টাইলভিত্তিক সাধারণ ভিডিওর আড়ালে পর্নোগ্রাফি ও ‘অনলিফ্যানস’-এর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। কেনাকাটা, রান্নাবান্না, রূপচর্চা কিংবা পোষা প্রাণীর যত্ন নেওয়ার মতো ভিডিওর মাধ্যমে তরুণী ও কিশোরীদের প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরিতে আকৃষ্ট করা হচ্ছে বলে দাবি করেছেন গবেষকেরা।
যুক্তরাজ্যভিত্তিক ‘কেয়ার টু এন্ড অল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন’ (সিজ) এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘কালেকটিভ শাউট’-এর এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের।
গবেষকেরা এক বছর ধরে টিকটকে জনপ্রিয় কয়েকজন তরুণী ‘অনলিফ্যানস’ কনটেন্ট নির্মাতার অ-স্পষ্ট যৌন কনটেন্ট বিশ্লেষণ করেন। পাশাপাশি প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের সামনে আসা ভিডিওগুলোও পর্যবেক্ষণ করেন তারা।
গবেষণায় দেখা যায়, সরাসরি ‘অনলিফ্যানস’-এর নাম বা লিংক উল্লেখ না করেও বিভিন্ন ইঙ্গিত, ইমোজি, সাংকেতিক শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। টিকটকে সরাসরি এ ধরনের প্রচারণা ও যৌন কনটেন্ট আদান-প্রদানের আমন্ত্রণ নিষিদ্ধ হওয়ায় বিকল্প কৌশল ব্যবহার করছেন নির্মাতারা।
এ ক্ষেত্রে ‘পর্ন’-এর পরিবর্তে ‘কর্ন’ শব্দ ব্যবহার কিংবা ভুট্টা ও তারকা ইমোজির মাধ্যমে পরোক্ষভাবে পর্নোগ্রাফির ইঙ্গিত দেওয়ার মতো কৌশল দেখা গেছে। এমনকি ‘গেট রেডি উইথ মি’ ধরনের সাধারণ ভিডিওতেও চুল ও মেকআপ করার রুটিনের পাশাপাশি অন্য প্ল্যাটফর্মের প্রাপ্তবয়স্কদের কনটেন্টের প্রতি দর্শকদের আগ্রহ তৈরির চেষ্টা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব ভিডিওতে ‘অনলিফ্যানস’ থেকে বিপুল অর্থ উপার্জন, স্বাধীনতা, আনন্দ ও বন্ধুত্বের হাতছানিকে বিশেষভাবে তুলে ধরা হয়। নগদ অর্থ, বিলাসবহুল বাড়ি, ব্যক্তিগত বিমান ও দামি গাড়ির ছবি দেখিয়ে তরুণীদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
একটি ভিডিওর শিরোনামে বলা হয়, ‘২৩ বছর বয়সে আড়াই লাখ পুরুষের কাছ থেকে আয় করে এসব কিছুর মালিক হওয়ার অনুভূতি।’ আবার কিছু ভিডিওতে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তির উপায় হিসেবেও প্ল্যাটফর্মটিকে উপস্থাপন করা হয়েছে।
তবে আয়ের বাস্তব চিত্র ভিন্ন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনলিফ্যানস’-এর শীর্ষ পাঁচ হাজার কনটেন্ট নির্মাতার প্রত্যেকের আয় এক মিলিয়ন ডলারের বেশি হলেও প্ল্যাটফর্মটির প্রায় ৫০ লাখ নিবন্ধিত নির্মাতার গড় বার্ষিক আয় আনুমানিক এক হাজার ডলার।
টিকটকের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন কালেকটিভ শাউটের মেলিন্ডা ট্যাঙ্কার্ড রেইস্ট। তার ভাষায়, টিকটক ‘শিল্পকারখানার মতো বিশাল পরিসরে মেয়েদের যৌন শিল্পে ঠেলে দেওয়া ডিজিটাল দালাল’। তরুণী ও কিশোরীদের এমন শোষণমূলক শিল্প থেকে সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
গবেষণায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত ‘বপ হাউস’-এর বিষয়টিও উঠে এসেছে। এটি একটি বিলাসবহুল পর্নোগ্রাফি প্রযোজনা কেন্দ্র, যেখানে পর্যায়ক্রমে বিভিন্ন নারী অবস্থান করেন এবং ‘অনলিফ্যানস’-এর জন্য যৌন কনটেন্ট তৈরি করেন।
গবেষকদের মতে, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী তৈরি করা ‘অনলিফ্যানস’ নির্মাতাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। তাই সরাসরি যৌন কনটেন্ট প্রকাশ না করেও কীভাবে দর্শকদের অন্য প্ল্যাটফর্মে থাকা কনটেন্টের প্রতি আগ্রহী করা যায়, সে কৌশল ব্যবহার করছেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্মটিতে যৌন কনটেন্ট শেয়ার ও প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ। কমিউনিটি গাইডলাইন বাস্তবায়নে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের কাছে বয়সের অনুপযোগী কনটেন্ট পৌঁছানো ঠেকাতেও ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে ‘অনলিফ্যানস’-এর এক মুখপাত্র দাবি করেছেন, প্ল্যাটফর্মটি কেবল ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ ঠেকাতে কঠোর নিবন্ধন ও পরিচয় যাচাইপ্রক্রিয়া অনুসরণ করা হয়।
আরটিভি/এসকে




