
পশ্চিম আফ্রিকার দেশ মালির মরুভূমিতে আবিষ্কৃত মঙ্গল গ্রহের একটি প্রাচীন উল্কায় অন্তত ৪১০ কোটি বছর আগে গ্রহটিতে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ‘তেঘাজা ০০১’ নামের বিরল এই উল্কা মঙ্গল গ্রহের আদি ভূত্বক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করেছে। বিজ্ঞানীদের মতে, এ আবিষ্কার লাল গ্রহের প্রাচীন পরিবেশ এবং একসময় সেখানে প্রাণের উপযোগী পরিস্থিতি ছিল কি না, তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২২ সালে মালির একটি লবণ সমভূমিতে উল্কাশিকারিরা গোলাপি রঙের এই শিলাটি খুঁজে পান। ওই সমভূমির নাম অনুসারেই এর নাম রাখা হয় তেঘাজা ০০১। উল্কাটিতে রয়েছে মোট আটটি খণ্ড, যার সম্মিলিত ওজন ৭৯৮ দশমিক ৫ গ্রাম। সবচেয়ে বড় খণ্ডটির ওজন ৪৪২ গ্রাম।
গবেষকদের ধারণা, মঙ্গল গ্রহে কোনো গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে শিলাটি মহাকাশে ছিটকে পড়ে। পরে সূর্যের চারদিকে কক্ষপথে ঘুরতে ঘুরতে কয়েক মিলিয়ন বছর পর পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে বায়ুমণ্ডলে প্রবেশ করে।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্ল্যানেটারি সায়েন্টিস্ট ইয়াং লিউ জানান, তেঘাজা ০০১ অত্যন্ত বিরল ও প্রাচীন একটি মঙ্গলীয় উল্কা। এর রাসায়নিক গঠন আগে পাওয়া মঙ্গল গ্রহের অন্যান্য উল্কা থেকে আলাদা। ফলে এটি গবেষকদের এমন একটি ভূত্বকীয় অঞ্চল সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে, যেখান থেকে আগে কোনো নমুনা পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে বিজ্ঞানীরা উল্কাটিকে শোরগটাইট হিসেবে শ্রেণিবদ্ধ করেছিলেন। তবে পরবর্তী বিশ্লেষণে এর মধ্যে জিরকন নামের খনিজ স্ফটিক পাওয়া যায়। জিরকনকে একধরনের প্রাকৃতিক টাইম ক্যাপসুল বলা হয়, কারণ এর মাধ্যমে শিলার গঠনের বয়স নির্ধারণ করা সম্ভব।
জিরকন স্ফটিকের বয়স বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান, শিলাটি অন্তত ৪ দশমিক ১ বিলিয়ন বা ৪১০ কোটি বছর পুরোনো। অর্থাৎ মঙ্গল গ্রহের অস্তিত্বের প্রথম ৪০ কোটি বছরের মধ্যেই এটি গঠিত হয়েছিল।
এ গবেষণায় বয়স নির্ধারণের একটি নতুন পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক হেওয়ার্ড মেলটনের তৈরি এ পদ্ধতিতে লেজারের সাহায্যে নমুনার অত্যন্ত ক্ষুদ্র অংশ বাষ্পীভূত করে বিশ্লেষণ করা হয়। মানুষের চুলের ব্যাসের মাত্র এক-দশমাংশ আকারের লেজার বিম ব্যবহার করে নমুনার ক্ষুদ্র কণা ও স্ফটিক পরীক্ষা করেন গবেষকেরা। এতে নমুনার বয়স নির্ধারণে প্রয়োজনীয় সময় এক মাস থেকে কমে মাত্র এক দিনে নেমে এসেছে। পাশাপাশি মূল শিলার বড় অংশ ভবিষ্যৎ গবেষণার জন্য অক্ষত রাখা সম্ভব হয়েছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাথিউ গেঞ্জ জানান, তেঘাজা ০০১ একটি ব্যাসল্ট শিলা। পৃথিবীর সমুদ্রের তলদেশ এবং আইসল্যান্ড ও হাওয়াইয়ের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ঠান্ডা হয়ে যেভাবে এ ধরনের শিলা তৈরি হয়, এটিও একই ধরনের প্রক্রিয়ায় গঠিত হয়েছে।
বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, প্রাচীন মঙ্গল গ্রহের ভূত্বকে পানির সঙ্গে রাসায়নিক মিথস্ক্রিয়ার চিহ্ন রয়েছে এই উল্কায়। এ তথ্য মঙ্গল গ্রহের অতীত পরিবেশ সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।
গবেষকদের মতে, পৃথিবী কেন এখনো পানিসমৃদ্ধ ও বাসযোগ্য রয়েছে, অথচ মঙ্গল গ্রহ একসময় শুষ্ক হয়ে গেছে, তা বোঝার ক্ষেত্রেও এ আবিষ্কার গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে গ্রহের বাসযোগ্যতা এবং প্রাণের উৎপত্তির অনুকূল পরিবেশ সম্পর্কে গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
তেঘাজা ০০১-এর উৎসস্থল শনাক্ত করতেও কাজ করছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের দক্ষিণ উচ্চভূমির ১৩টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছেন তারা। ভবিষ্যতে নাসার ভাইকিং ল্যান্ডার এবং কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্স রোভারের সংগৃহীত তথ্যের সঙ্গে উল্কাটির বৈশিষ্ট্য তুলনা করে এর সুনির্দিষ্ট উৎস খুঁজে বের করার আশা করছেন গবেষকেরা।
বিজ্ঞানীদের মতে, তেঘাজা ০০১ শুধু একটি প্রাচীন মহাজাগতিক পাথর নয়; এটি মঙ্গল গ্রহের শৈশবের ইতিহাস জানার এক বিরল সুযোগ।
সূত্র: সিএনএন
আরটিভি/এসকে




