ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র, ডাউনলোড করেই ১০ লাখ টাকা খোয়ালেন যুবক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
কাল্পনিক ছবি

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্রের আড়ালে পাঠানো এপিকে ফাইল ডাউনলোড করে ১০ লাখ টাকা হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় সাইবার প্রতারণার অভিযোগে দেবেন্দ্র মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বিজনৌর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গুজরাটের সুরাট পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবকের হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্রের কথা বলে একটি এপিকে ফাইল পাঠানো হয়। নিমন্ত্রণপত্র মনে করে ফাইলটি ডাউনলোড করার পরপরই তার ব্যাংক হিসাব থেকে ১০ লাখ টাকা সরিয়ে নেয় প্রতারক চক্র।

তদন্তে পুলিশ জানতে পারে, দেবেন্দ্র মালিক অর্থের বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তার ব্যাংক হিসাবে জমা হতো। পরে মোট অর্থের ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি।

এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় সাইবার অপরাধ দমন বিভাগ। প্রতারণার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত ব্যক্তির পাঠানো কোনো লিংক বা এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি ইমেইল ও এসএমএসে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

সূত্র: এই সময়

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুগল ম্যাপসে নতুন ফিচার, ভ্রমণ পরিকল্পনা থেকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট সবই মিলবে
ভ্রমণ পিপাসু ব্যক্তিদের সুবিধার জন্য গুগল ম্যাপসের ‘আস্ক ম্যাপস’ ফিচারে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন টুল। এর সাহায্যে এক দিনের ভ্রমণ থেকে শুরু করে দীর্ঘ ছুটির জন্যও তৈরি করা যাবে ধাপে ধাপে ভ্রমণসূচি। নতুন এই সুবিধায় ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে দেবে গুগল ম্যাপস। কোথায় ঘুরবেন, কোন পথে যাবেন, কোথায় বিরতি নেবেন সবকিছুরই একটি সাজানো তালিকা পাওয়া যাবে। শুধু পরিকল্পনা তৈরি নয়, যাত্রাপথে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য জানতেও সাহায্য করবে এই ফিচার। অ্যাপয়েন্টমেন্ট খুঁজবে ম্যাপস ভ্রমণ ছাড়া দৈনন্দিন নানা কাজেও সহায়তা করবে নতুন টুল। বিউটি পার্লার, পোষ্য পরিচর্যা, গাড়ি মেরামত কিংবা বাড়ির মেরামতের জন্য কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের খালি সময় খুঁজে দেখা যাবে। কোন প্রতিষ্ঠানে কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তা দেখে নিজের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা। যাত্রাপথেই মিলবে প্রয়োজনীয় তথ্য নতুন টুলের সাহায্যে প্রতিদিনের ভ্রমণসূচির পাশাপাশি প্রতিটি গন্তব্যের জন্য মানচিত্রে নম্বরযুক্ত পিন দেখা যাবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বুঝতে পারবেন পর্যটকেরা। ভ্রমণসূচিতে থাকবে স্থানীয়দের জানা নানা পরামর্শও। যাত্রাপথে যানজটের অবস্থা, দোকান বা রেস্তরাঁ খোলা আছে কি না, কিংবা পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন এ ধরনের তাৎক্ষণিক তথ্যও পাওয়া যাবে। ফলে আগে থেকে তৈরি পরিকল্পনা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নেওয়া সহজ হবে। কোনও কারণে পরিকল্পনা বদলাতে হলে নতুন করে সব সাজানোর প্রয়োজন নেই। গুগল ম্যাপসকে নির্দেশ দিলেই ভ্রমণসূচিতে পরিবর্তন আনা যাবে। যেমন, নির্দিষ্ট পথে দুপুরের খাবারের জন্য একটি বিরতি যোগ করতে বলা যেতে পারে।  পরিকল্পনায় থাকা যে কোনও গন্তব্যে ট্যাপ করলেই সেখানে পৌঁছনোর দিকনির্দেশনা পাওয়া যাবে। তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও রয়েছে। চাইলে সেটি গুগল ডকসেও রফতানি করা যাবে। বন্ধুদের সঙ্গে ভাগ করা তালিকাও খুঁজে দেবে গুগল ম্যাপসে সংরক্ষণ করে রাখা পছন্দের জায়গার তালিকা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াও সহজ হবে। ‘আস্ক ম্যাপস’-কে প্রশ্ন করলেই সংরক্ষিত তালিকা থেকে প্রয়োজনীয় জায়গা খুঁজে দিতে পারবে। যেমন, পাঁচজনের বসার জায়গা রয়েছে এবং আগামী ৩০ মিনিটের মধ্যে যাওয়া যাবে এমন রেস্তোরাঁ বা অন্য কোনও জায়গা খুঁজে দিতে বলা যাবে। ম্যাপস তখন সরাসরি পাওয়া তথ্য যাচাই করে সম্ভাব্য জায়গাগুলো দেখাবে। কোথায় চালু হচ্ছে নতুন সুবিধা? গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে নতুন আপডেট চালু হচ্ছে। বছরের শেষের ছুটির ভ্রমণ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ইউরোপের ৩০টি দেশে, যার মধ্যে স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি রয়েছে, নতুন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। ভ্রমণ পরিকল্পনা তৈরি এবং সংরক্ষিত জায়গার তালিকা খোঁজার টুল ‘আস্ক ম্যাপস’ যেখানে চালু রয়েছে, সেই ২০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। তবে ‘নো বিফোর ইউ গো’ নামে পথসংক্রান্ত পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা আপাতত প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সময়সাপেক্ষ কাজ সহজ করার দিকে এগোচ্ছে। গুগল ম্যাপসের এই উদ্যোগও সেই প্রবণতারই অংশ। ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে দৈনন্দিন অ্যাপয়েন্টমেন্ট খোঁজাসহ একাধিক কাজ একই জায়গায় করার সুযোগ তৈরি করছে নতুন ফিচারটি। আরটিভি/এসআর
গুগল ম্যাপসে নতুন ফিচার, ভ্রমণ পরিকল্পনা থেকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট সবই মিলবে
যৌন ইঙ্গিতপূর্ণ বার্তার অভিযোগ, অ্যাপ স্টোর থেকে সরানো হলো এআই চ্যাটবট ‘টকি’
শিশু ব্যবহারকারীদের সঙ্গে এআই চরিত্রের যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর কথোপকথনের অভিযোগে জনপ্রিয় এআই চ্যাটবট অ্যাপ ‘টকি’ বিশ্বজুড়ে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিম্যাক্সের তৈরি অ্যাপটি এআইনির্ভর ভার্চুয়াল সঙ্গী বা কম্প্যানিয়ন হিসেবে পরিচিত।
যৌন ইঙ্গিতপূর্ণ বার্তার অভিযোগ, অ্যাপ স্টোর থেকে সরানো হলো এআই চ্যাটবট ‘টকি’
হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল মেসেজিং ফিচার, যেভাবে পাঠাবেন
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর নতুন সুবিধা বা শিডিউল মেসেজিং ফিচার। এর ফলে ব্যবহারকারীরা আগে থেকেই নির্দিষ্ট দিন ও সময়ে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন। আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ বা রিমাইন্ডারের সাহায্য ছাড়াই ব্যক্তিগত কিংবা দলগত চ্যাটে এই সুবিধা কাজ করবে।  গত ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির দাপ্তরিক এক্স অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত ঝলকের মাধ্যমে নতুন এই সুবিধার ঘোষণা দেওয়া হয়। অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের বাছাই করা পরীক্ষামূলক ব্যবহারকারীদের ওপর দীর্ঘদিন ধরে এই সুবিধা যাচাই করেছে হোয়াটসঅ্যাপ। নির্ধারিত সময়ে প্রেরক অফলাইনে থাকলেও বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে। নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে ব্যক্তিগত বা দলগত চ্যাট খুলতে হবে। এরপর বার্তা লিখতে হবে অথবা পছন্দের ছবি বা ভিডিও যুক্ত করতে হবে। তারপর পাঠানোর বোতামটি কিছুক্ষণ চেপে ধরে রাখলেই দিন ও সময় বেছে নেওয়ার বিকল্প ভেসে উঠবে। প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে ১০ মিনিট পর থেকে শুরু করে আগামী দুই সপ্তাহ পর্যন্ত যেকোনো সময় বার্তা পাঠানোর জন্য নির্ধারণ করা যাবে। লেখা, লিংক, ছবি ও ভিডিও এই সুবিধার আওতায় পাঠানো যাবে এবং পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। তবে আপাতত কোনো নথি বা ডকুমেন্ট নির্ধারিত সময়ে পাঠানোর সুবিধা থাকছে না বলে জানা গেছে। একবার সময় নির্ধারণ করে দিলে বার্তাটি পাঠানোর সময় ব্যবহারকারীকে অ্যাপ খোলা রাখতে হবে না। এমনকি ওই সময় প্রেরকের ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। বার্তা পাঠানোর আগেই ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের তালিকায় থাকা বার্তা দেখতে এবং প্রয়োজনে মুছে ফেলতে পারবেন। চ্যাট তথ্য পর্দায় আলাদা একটি অংশে অপেক্ষমাণ বার্তাগুলোর তালিকা দেখা যাবে। পরিকল্পনা বদলালে সেখান থেকেই বার্তা মুছে ফেলা যাবে। নির্ধারিত বার্তা মুছে ফেললে প্রাপক কোনো বিজ্ঞপ্তি পাবেন না, কারণ বার্তাটি তখনও চ্যাটে পৌঁছায়নি। দলগত চ্যাটের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম মানা হবে। কোনো সদস্য দলে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করলে সেটি কেবল সেই সদস্যরাই পাবেন, যাঁরা সময় নির্ধারণ করার সময় ওই দলে যুক্ত ছিলেন। পরে যারা ওই দলে যোগ দেবেন, তারা আগে নির্ধারণ করা সেই বার্তা দেখতে পাবেন না। প্রযুক্তিবিষয়ক মাধ্যম গ্যাজেটস থ্রিসিক্সটি জানিয়েছে, ইতিমধ্যে কয়েকজন ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই সুবিধা কাজ করতে দেখা গেছে। তবে সবার জন্য এটি একসঙ্গে চালু হয়নি, বরং ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাদের অ্যাকাউন্টে এখনও ফিচারটি আসেনি, তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। আরটিভি/এসআর
হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল মেসেজিং ফিচার, যেভাবে পাঠাবেন
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স, শঙ্কায় বিজ্ঞানীরা
মহাকাশে তথ্যকেন্দ্র তৈরি করতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স, শঙ্কায় বিজ্ঞানীরা
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এবার হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, সমস্যায় পড়তে পারেন যেসব ব্যবহারকারী
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে