
মুক্তির প্রথম দিনেই ৩৭৯ কোটি মার্কিন ডলারের বিক্রির রেকর্ড গড়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)।
নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে গেমটির প্রথম দিনের খুচরা বিক্রি হয়েছে ৩.৭৯ বিলিয়ন ডলার। এটি বিনোদন জগতের অন্যতম বড় উদ্বোধনী সাফল্য।
তবে গেমটির সাফল্যের পাশাপাশি নতুন চ্যালেঞ্জেও পড়েছে নির্মাতা প্রতিষ্ঠান। শক্তিশালী এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাঁস হওয়া এক্সবক্সের উন্নয়ন সংস্করণের ফাইল ব্যবহার করে কোডাররা গেমটির অনানুষ্ঠানিক কম্পিউটার সংস্করণ তৈরির চেষ্টা করছেন। কয়েকটি দল গেমটি কম্পিউটারে চালু করতে পেরেছে বলেও দাবি করেছে।
রকস্টার এখনও কম্পিউটার সংস্করণ প্রকাশের ঘোষণা দেয়নি। এদিকে প্রকাশক প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ কপিরাইট লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রকল্প সরিয়ে নিতে নোটিশ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, অনুমতি ছাড়া গেমের কোড পুনর্ব্যবহার বা নকল সংস্করণ প্রকাশ করা আইনি ঝুঁকি তৈরি করতে পারে।
গেমটির সংগীতও সংগীত তালিকায় সাড়া ফেলেছে। ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’ গানটি যুক্তরাজ্যের সংগীত তালিকায় তৃতীয় স্থানে উঠেছে। দোয়া লিপার নতুন গান ‘গো ইজি’ রয়েছে ২১ নম্বরে। গেমে ব্যবহারের পর কার্লি রে জেপসেনের পুরোনো গান ‘রান অ্যাওয়ে উইথ মি’ আবার তালিকায় ২৮ নম্বরে ফিরেছে।
গেমটির ভেতরের বেতারে রয়েছে শত শত গান। সংগীত সংশ্লিষ্টদের মতে, গেমের মাধ্যমে নতুন শ্রোতার কাছে গান পৌঁছানোর পাশাপাশি পুরোনো গানও নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে।
সূত্র: বিবিসি নিউজ লিংক ১, লিংক ২ এবং ওয়াশিংটোন পোস্ট
আরটিভি/জেএমএ



