ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর প্রকৃত বয়স শনাক্ত করার কার্যক্রম বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজেকে ১৮ বছরের বেশি দাবি করলেও তার অনলাইন আচরণ ও কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর হিসেবে শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে নতুন এ প্রযুক্তির বিস্তৃতি শুরু হচ্ছে। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন কার্যক্রম ও আচরণগত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। এর মাধ্যমে জন্মতারিখে ভুল তথ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও কিশোরদের শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এর নিরাপত্তাবিধি কার্যকর হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগের ফলে আগের তুলনায় আরও বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা চলতি মাসেই নোটিফিকেশন পাবেন।

টিন অ্যাকাউন্টে যেসব বিধিনিষেধ থাকছে

কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে টিন অ্যাকাউন্টে একাধিক বিধিনিষেধ রেখেছে মেটা। এর মধ্যে রয়েছে,

* ১৩ বছরের কম বয়সীদের জন্য অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।

* প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।

* রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।

* দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।

* লাইক ও রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা তৈরি করতে পারে এমন কিছু ফিচার সীমিত করা।

* অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ।

এ ছাড়া টানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে কিশোরদের। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।

কেন কঠোর হচ্ছে মেটা?

সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগ বিশ্বজুড়ে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনার প্রবণতা বাড়াতে পারে। একই সঙ্গে ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হয় এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা, আইনি চাপ ও আর্থিক সমঝোতার প্রেক্ষাপটে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা
পশ্চিম আফ্রিকার দেশ মালির মরুভূমিতে আবিষ্কৃত মঙ্গল গ্রহের একটি প্রাচীন উল্কায় অন্তত ৪১০ কোটি বছর আগে গ্রহটিতে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য, বিভক্ত হয়ে যেতে পারে কৃষ্ণগহ্বর!
মহাবিশ্বের অন্যতম রহস্যময় মহাজাগতিক বস্তু ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। এর প্রবল মহাকর্ষীয় আকর্ষণ থেকে এমনকি আলোও বের হতে পারে না।
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য, বিভক্ত হয়ে যেতে পারে কৃষ্ণগহ্বর!
পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’
পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে নতুন এক ক্ষুদ্র মহাকাশ শিলা, যা পরিচিতি পেয়েছে ‘মিনি চাঁদ’ হিসেবে। মাত্র ৬ ফুট (প্রায় ২ মিটার) চওড়া এই শিলাটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘২০২৬ কিউকিউ৮’।
পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’
টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির প্রচারণা, সামনে এল বিস্ফোরক তথ্য
টিকটকে লাইফস্টাইলভিত্তিক সাধারণ ভিডিওর আড়ালে পর্নোগ্রাফি ও ‘অনলিফ্যানস’-এর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির প্রচারণা, সামনে এল বিস্ফোরক তথ্য
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
আরও পড়ুন
এআই নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন এম জন হ্যারিসন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
এআই দিয়ে উপন্যাস লিখে পুরস্কার ও প্রকাশক দুটোই হারালেন জনপ্রিয় লেখক
ছয় মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসান এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের