
মানুষের গড় আয়ু হতে পারে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছর! এমনই চাঞ্চল্যকর সম্ভাবনার কথা জানিয়েছেন সুইডিশ দার্শনিক ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিক বোস্ট্রম।
তার মতে, ভবিষ্যতে সুপারইনটেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসাবিজ্ঞান ও বার্ধক্য প্রতিরোধী গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এতে মানুষের আয়ু কয়েক শ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। খবর এনডিটিভির।
সম্প্রতি এক পডকাস্টে সুপারইনটেলিজেন্ট এআইয়ের সম্ভাব্য সুফল নিয়ে আলোচনার সময় বোস্ট্রম বলেন, মানুষের বার্ধক্যজনিত সমস্যা না থাকলে গড় আয়ু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছরের কাছাকাছি হতে পারত।
তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে মানুষের দীর্ঘায়ু ও ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানের সম্ভাবনা নিয়ে।
১ হাজার ৪০০ বছরের হিসাব কীভাবে?
চলতি বছর প্রকাশিত বোস্ট্রমের ‘অপটিমাল টাইমিং ফর সুপারইনটেলিজেন্স’ শীর্ষক গবেষণাপত্রে দীর্ঘায়ুর এই ধারণার গাণিতিক ভিত্তি তুলে ধরা হয়েছে।
গবেষণাপত্রের হিসাব অনুযায়ী, উন্নত দেশগুলোর ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ তরুণদের বার্ষিক মৃত্যুঝুঁকি প্রায় ০.০৫ থেকে ০.০৮ শতাংশ। উদাহরণ হিসেবে তিনি ০.০৭ শতাংশ মৃত্যুঝুঁকির হার বিবেচনা করেছেন।
এই হার যদি একজন মানুষের সারা জীবন অপরিবর্তিত থাকে, তাহলে গাণিতিক হিসাবে তার সম্ভাব্য অবশিষ্ট আয়ু দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ বছর।
তবে এই হিসাব সম্পূর্ণ কাল্পনিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি। এখানে ধরে নেওয়া হয়েছে, মানুষের বার্ধক্যজনিত মৃত্যুঝুঁকি দূর করা সম্ভব হয়েছে এবং বার্ষিক মৃত্যুঝুঁকি অত্যন্ত কম পর্যায়ে স্থির রয়েছে।
এর অর্থ এই নয় যে মানুষ দুর্ঘটনা, সহিংসতা কিংবা অন্যান্য বাহ্যিক কারণে মৃত্যুর ঝুঁকি থেকে মুক্ত থাকবে।
দীর্ঘায়ুতে কীভাবে ভূমিকা রাখবে এআই?
বোস্ট্রমের মূল যুক্তি হলো, সুপারইনটেলিজেন্ট এআই জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান এবং বার্ধক্য প্রতিরোধী গবেষণার অগ্রগতিকে বহুগুণ ত্বরান্বিত করতে পারে।
এ ক্ষেত্রে এআই যেসব গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে—
* বর্তমানে নিরাময় করা কঠিন বা অসম্ভব রোগের নতুন চিকিৎসা উদ্ভাবন।
* বয়সের কারণে কোষ ও টিস্যুর ক্ষতি মেরামত করা।
* ক্ষতিগ্রস্ত অঙ্গপ্রত্যঙ্গ ও অস্থিসন্ধি পুনরুদ্ধার করা।
* ক্যানসারের আরও কার্যকর ও নিখুঁত চিকিৎসাপদ্ধতি তৈরি।
* আলঝেইমারের মতো স্নায়বিক অবক্ষয়জনিত রোগের চিকিৎসা উদ্ভাবন।
গবেষণাপত্রে বোস্ট্রম উল্লেখ করেন, সুপারইনটেলিজেন্স জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিকে অভাবনীয় গতিতে এগিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে তিনি আলঝেইমার রোগীর মস্তিষ্কে হারিয়ে যাওয়া নিউরন পুনরায় তৈরি করে রোগটি নিরাময়ের সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
তবে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর পর্যন্ত বাড়ানো এখনো বাস্তব কোনো চিকিৎসাবৈজ্ঞানিক অর্জন নয়। এটি মূলত ভবিষ্যতে সুপারইনটেলিজেন্ট এআইয়ের সম্ভাব্য সক্ষমতা এবং বার্ধক্য প্রতিরোধের তাত্ত্বিক হিসাবের ওপর দাঁড়িয়ে থাকা একটি ধারণা।
আরটিভি/এসকে


