
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। পরীক্ষার ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম হওয়া ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর রোববার (১৫ নভেম্বর) তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
আইনজীবীর মাধ্যমে দেওয়া স্বীকারোক্তিতে ‘হান’ পদবির ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষার হলে একটি ক্ষুদ্র ক্যামেরার সাহায্যে প্রশ্নপত্রের ছবি তুলে তা জেনারেটিভ এআইয়ের কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনে এআইয়ের দেওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।
চলতি বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষার দুই ধাপেই প্রথম হয়েছিলেন হান। প্রথম ধাপের ৪০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫ নম্বর। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হয়েছিল। তাঁর এমন অবিশ্বাস্য ফলাফল ঘিরে কয়েক মাস ধরেই সন্দেহ তৈরি হয়েছিল। উঠেছিল স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগও। তবে শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
গতকাল দক্ষিণ কোরিয়ার অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে হান বলেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারণা করেছি। সর্বোচ্চ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার ন্যায্য পরিশ্রমের ফল নয়।’ এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি।
সিউল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে তারা লিখিত স্বীকারোক্তি পেয়েছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ ঘটনা দক্ষিণ কোরিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে সামাজিক অবস্থান ও পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’। এ পরীক্ষাকে সামনে রেখে এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সামনে রেখে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) পরীক্ষায় সম্ভাব্য জালিয়াতির বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী হান সিয়ং-সুকও এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কায় জনসাধারণের উদ্বেগের কথা স্বীকার করেছেন। তাঁর কার্যালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠু, ন্যায্য ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত পুরো পরীক্ষাপ্রক্রিয়ার ওপর নজরদারি অব্যাহত থাকবে।
আরটিভি/এসকে




