
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (১৬ নভেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশের সাথে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টায়, অর্থাৎ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর, যেখানে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। তাপমাত্রাও উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই প্রায় একই থাকবে।
সিনপটিক আবহাওয়ার বর্ণনায় বলা হয়েছে, শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই স্থানে রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরটিভি/এসকে




