
দেশে রয়েছে অস্বাভাবিক মোটা ও প্রায় ২৫ মিটার উঁচু এক প্রজাতির বাঁশ, যার নাম ভুদুম। সাধারণ বাঁশের তুলনায় আকারে অনেক বড় এই বাঁশের কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও বংশবিস্তারে জটিলতার কারণে দেশে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।
রাজধানীর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে রয়েছে ভুদুম বাঁশের কয়েকটি ঝাড়। দর্শনার্থীদের কাছে এর অস্বাভাবিক মোটা কাণ্ড বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
উদ্যানের মালি আবদুল আলিম গণমাধ্যমকে জানান, ভুদুম বাঁশের বৈজ্ঞানিক নাম ডেনড্রোক্যালামাস গিগ্যান্টিয়াস। এর কাণ্ড ভেতরে ফাঁপা এবং নিচের দিকে কঞ্চি বা শাখা না থাকায় ঝাড়গুলো দেখতে বেশ পরিপাটি।
জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্মকর্তাদের তথ্যমতে, সেখানে ভুদুম বাঁশ ছাড়াও আরও ১৭ প্রজাতির বাঁশ রয়েছে। উদ্যানের ৩৫, ৪৮ ও ৫০ নম্বর সেকশনে এসব বাঁশের ঝাড় দেখা যায়। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে রয়েছে বরাক, ঘটি, লতা ও ডলুয়া বাঁশ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস’ প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতিবৈচিত্র্যে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে মোট ৩৩ প্রজাতির বাঁশ পাওয়া যায়। ৫০০ প্রজাতি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চীন। ২৩২ প্রজাতি নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল।
বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলে ভুদুম বাঁশ বেশি পাওয়া যায়। সাধারণত এ বাঁশের গড় উচ্চতা প্রায় ২৫ মিটার। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এক গবেষণায় এর গঠনগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
২০১৭ সালে ‘জার্নাল অব বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড বায়োরিসোর্স ম্যানেজমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ভুদুম বাঁশের গোড়ার দিকের কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার। মাঝের দিকে কাণ্ডের ব্যাস কমে ১১ সেন্টিমিটার এবং পুরুত্ব দাঁড়ায় প্রায় শূন্য দশমিক ৭০ সেন্টিমিটারে।
বিশেষজ্ঞদের মতে, ভুদুম বাঁশের মোটা কাণ্ড দিয়ে বিভিন্ন ধরনের আসবাব ও নির্মাণসামগ্রী তৈরি করা সম্ভব। এর ব্যবহার বাড়ানো গেলে কাঠের ওপর চাপ কমানো যেতে পারে। পাশাপাশি বাঁশটির শিকড় মাটির গভীরে ও চারপাশে বিস্তৃত হওয়ায় মাটিক্ষয় রোধেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের আবহাওয়াও এ বাঁশ চাষের উপযোগী।
তবে এর চাষ সম্প্রসারণে প্রধান বাধা চারা উৎপাদন। বংশবিস্তার তুলনামূলক জটিল হওয়ায় দেশে এখনো এর বাণিজ্যিক চাষ গড়ে ওঠেনি। বর্তমানে বিভিন্ন এলাকায় মূলত শখের বশে কিংবা বাগানের সৌন্দর্য বাড়াতে এ বাঁশ লাগানো হয়।
ভুদুম বাঁশের চারা উৎপাদনে আশার কথা শুনিয়েছেন গবেষকরা। ২০২৩ সালে ‘বাংলাদেশ জার্নাল অব বোটানি’ সাময়িকীতে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন গবেষকের প্রতিবেদনে টিস্যু কালচারের মাধ্যমে এ বাঁশের নতুন চারা উৎপাদনের সফল পদ্ধতি তুলে ধরা হয়েছে। এতে ভুদুম বাঁশের গিঁটযুক্ত কাণ্ডের অংশ ব্যবহার করে পরীক্ষাগারে নতুন চারা উৎপাদন করা হয়।
দেশে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। গ্রামাঞ্চলে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে আসবাব, কুটিরশিল্প ও কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। পাহাড়ি এলাকায় বাঁশের নরম অংশ বা বাঁশকোঁড়ল খাদ্য হিসেবেও প্রচলিত। নান্দনিক স্থাপনা ও রেস্তোরাঁ নির্মাণেও বাড়ছে এর ব্যবহার। ফলে ভুদুম বাঁশের চারা উৎপাদন ও চাষ সম্প্রসারণ করা গেলে কাঠের বিকল্প উপকরণ হিসেবে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
আরটিভি/এমএইচজে




