
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিন আজ (২২ নভেম্বর)।
রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাতা রেবেকা সুলতানা স্কুল শিক্ষিকা ছিলেন। তার দুই বোন রয়েছে। রেজাউদ্দিন স্টালিন শৈশব থেকেই কবিতা লিখতেন। আট বছর বয়সে ১৯৭০ সালে শতদল পত্রিকায় তার প্রথম কবিতা ‘শপথ’ পত্রিকায় প্রকাশিত হয়। স্টালিন আশির দশকের অগ্রগণ্য কবি হিসেবে বিবেচিত।
স্টালিন রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরিনি অবাধ্য আমি’। পরবর্তীতে তিনি আরও ৪৫টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে। তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘তদন্ত রিপোর্ট’। তিনি রবীন্দ্রনাথ আরোগ্য নামে একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। তার রচিত ছড়া গ্রন্থ ‘হাঁটতে থাকো’। স্টালিন রচিত একমাত্র উপন্যাস ‘সম্পর্কেরা ভাঙ্গে’। ‘আবার একদিন বৃষ্টি হবে’শিরোনামে তার কবিতার একটি একক সিডি প্রকাশিত হয়। এটি আবৃত্তি করেন প্রদীপ ঘোষ। অনুবাদক জাকারিয়া সিরাজী ‘সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন’ নামে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।
আশির দশকের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব স্টালিন পেয়েছেন— বাংলা একাডেমি, মধুসূদন, সিটি আনন্দ আলো, পদক্ষেপ বাংলাদেশ, খুলনা রাইটার্স ক্লাব, সাতক্ষীরা কবিতা পরিষদ, ঢাকা সিটি করপোরেশন পুরস্কার, আমেরিকা থেকে তরঙ্গ অব ক্যালির্ফোনিয়া, বাদাম ও রাইটার্স ক্লাব সম্মাননা, যুক্তরাজ্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সম্মাননা।
ইংরেজি, ফরাসি, গ্রিক, জার্মান, রুশ, চীনা, তার্কিশ, উর্দু, আরবি, ফার্সি স্প্যানিশসহ পৃথিবীর ৪১টি ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। আমাজন প্রকাশ করেছে সিলেক্টেড পোয়েমস অব রেজাউদ্দিন স্টালিন। এছাড়া মঞ্চ ও টিভির জনপ্রিয় উপস্থাপক তিনি।
আরটিভি/এমএম


