
লক্ষ্মীপুরে সয়াবিনখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. মোস্তফা মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা মিয়া ওই এলাকার মৃত সুজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক মোস্তফা মিয়া বাড়ির পাশের সয়াবিনখেতে কাজ করতে যান। কাজের ফাঁকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে খেতের মধ্যেই মারা যান তিনি।
কুশাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. শাহাবুদ্দিন বলেন, বজ্রপাতে মোস্তফা মিয়ার মৃত্যু হয়েছে। থানার অনুমতি সাপেক্ষে পরিবারের লোকজন মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে।




