
ময়মনসিংহের গফরগাঁওয়ে বেপরোয়া মালবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল মামুন রাব্বী (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরাফাত (১৮) নামে অপর এক সহপাঠী গুরুতর আহত হয়েছে।
বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার গফরগাঁও টু রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকার এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিহত কলেজশিক্ষার্থী আল মামুন রাব্বী উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা নামাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে এবং গুরুতর আহত আরাফাত একই এলাকার শরিফুল ইসলাম মিল্টনের ছেলে। তারা আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে আল মামুন রাব্বী ও আরাফাত ইংরেজি প্রাইভেট পড়তে গফরগাঁও পৌর শহরে যায়। সেখান থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ময়নার মোড় এলাকায় তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় মালবাহী একটি লরি। এতে রাব্বী ও আরাফাত গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল মামুন রাব্বীকে মৃত ঘোষণা করেন এবং আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবরের সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




