
স্থলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিতে বিধিনিষেধ আরোপের ফলে মারাত্মক সংকটে পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। বিশেষ করে দীর্ঘদিন ধরে ভারতে রপ্তানি হওয়া টাঙ্গাইল অঞ্চলের তাঁতের শাড়ির রপ্তানি বর্তমানে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে এই অঞ্চলের বহু তাঁত প্রতিষ্ঠান টিকে থাকার লড়াইয়ে পড়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) টাঙ্গাইলে আয়োজিত ‘টাঙ্গাইলের তাঁত: ঐতিহ্যের মালিকানা ও শিল্পের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সি. আর. আবরার। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান।
সেমিনারে বক্তারা জানান, ভারত প্রতিবছর বাংলাদেশ থেকে তুলনামূলক কম দামে প্রায় ৭০ লাখ পিস তাঁতের শাড়ি আমদানি করে। আগে স্থলপথে একটি শাড়ি রপ্তানিতে খরচ ছিল প্রায় ৩৮ টাকা, কিন্তু বিধিনিষেধের পর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ টাকায়। একই সঙ্গে রপ্তানিতে সময়ও কয়েকগুণ বেড়েছে।
তাঁতশিল্পীরা বলেন, কাঁচামালের দাম সাত থেকে আট গুণ বেড়ে গেছে, অথচ শাড়ির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে শ্রমিকদের মজুরি দেওয়া কঠিন হয়ে পড়ছে এবং অনেক তাঁতি পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। সিল্কের কাঁচামাল আমদানিতে উচ্চ কর এবং সুতা সংকট শিল্পকে আরও চাপে ফেলেছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী জানান, বর্তমানে তাঁতিরা চার শতাংশ সুদে ঋণ পাচ্ছেন। তবে অতীতে কাঁচামাল আমদানিতে দেওয়া সরকারি সুবিধা কিছু ব্যবসায়ীর অপব্যবহারের কারণে বাতিল করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেন, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও হস্তশিল্প সংরক্ষণে সমন্বিত উদ্যোগ জরুরি। তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে ঐতিহ্য স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে।
মূল প্রবন্ধে অধ্যাপক মাসউদ ইমরান টাঙ্গাইল তাঁতশিল্প রক্ষায় স্বতন্ত্র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ আইন প্রণয়ন, জিআই ও ট্রেডমার্ক সংযোগ, সুতা ভর্তুকি, সহজ ঋণ এবং ডিজিটাল ইনভেন্টরি তৈরির ওপর গুরুত্ব দেন।
সেমিনারে টাঙ্গাইল তাঁতের ঐতিহ্যের মালিকানা, জিআই সুরক্ষা, ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং শিল্প টিকিয়ে রাখার করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরটিভি/এএএ


