রাজধানীতে হঠাৎ বৃষ্টি, কমেনি গরমের ভোগান্তি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:৪৭ পিএম


রাজধানীতে হঠাৎ বৃষ্টি, কমেনি গরমের ভোগান্তি
রাজধানীতে হঠাৎ বৃষ্টি। ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে যখন নগরবাসী হাঁসফাঁস করছে, তখন বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর কয়েকটি এলাকায় হঠাৎ স্বস্তির বৃষ্টি নামলেও তাতে কমেনি গরমের অনুভূতি। 

বৃহস্পতিবার দুপুর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় দমকা বাতাস প্রবাহিত হতে শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর পল্টন এলাকায় বৃষ্টি নামে। এছাড়া শহরের আরও কয়েকটি স্থানে হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কয়েক মিনিটের এই বৃষ্টিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে না কমায় গরমের তীব্রতা বহাল থাকে।

অন্যদিকে, বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য সড়কে চলাচলকারী মানুষ ভোগান্তিতে পড়েন। অনেকেই আকস্মিক বৃষ্টিতে ভিজে যান এবং যানবাহন চলাচলেও সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও আশপাশ এলাকার জন্য দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দমকা হাওয়ার ক্ষেত্রে বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। এর আগে বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গরমের এই পরিস্থিতিতে রাজধানীবাসী আরও বৃষ্টির প্রত্যাশায় থাকলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission