
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত দুই দিনে কোনো কোনো এলাকায় ২ ফুটের বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে শতাধিক অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল।
ব্রেভার্ড কাউন্টিতে সেন্ট জনস নদীর পানি ১৮ ফুটের বেশি বেড়ে গত ৭০ বছরের রেকর্ড ভেঙেছে। সবচেয়ে বেশি উদ্ধার অভিযান চালাতে হয়েছে কোকো শহরে। বন্যায় ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে ফ্লোরিডার পূর্ব উপকূলে আরও ৬ থেকে ৮ ইঞ্চি বৃষ্টির আশঙ্কায় বন্যা সতর্কতা জারি রয়েছে। সেন্ট জনস নদীর পানি শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত আরও বেড়ে ১৮ দশমিক ৬ ফুটে পৌঁছাতে পারে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত নদীর পানি রেকর্ড উচ্চতায় থাকার আশঙ্কা করা হচ্ছে।
বন্যার পানিতে পাম বে শহরের পোর্ট মালাবার বুলেভার্ড সেতুর একাংশ দ্বিতীয়বারের মতো ভেঙে গেছে। অন্যদিকে মেলবোর্নে চলতি নভেম্বর মাসে রেকর্ড ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। কেপ ক্যানাভেরালে মাত্র ৪৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ২৭ ইঞ্চি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফ্লোরিডায় আঘাত হানা ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তরে এগিয়ে যেতে পারে। রোববারের মধ্যে এটি উপক্রান্তীয় ঝড়ে রূপ নিতে পারে। ঝড়টির নাম ‘কাইল’ হওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ


