
রাজধানীর মিরপুরের পল্লবীতে উদ্বোধনের দিনেই একটি শো-রুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। লাইভ শপিং ফ্যাক্টরি আউটলেট নামের ওই শোরুম কর্তৃপক্ষের দাবি, ৩ হাজার টাকার ফ্রি শপিং অফারকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগমের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পল্লবী মেট্রো স্টেশনের পাশে শোরুমটির উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে ‘লাইভ শপিং’ নামের একটি ফেসবুক পেজে প্রচারণা চালানো হয়। প্রচারিত পোস্টারে বলা হয়, দুটি গোল পোস্টে শট নিয়ে একটি গোল করতে পারলেই ৩ হাজার টাকার শপিং সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
এই আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে উদ্বোধনের আগেই শোরুমের সামনে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে। শুরুতে অফার ও গেমকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা থাকলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, কিছু ব্যক্তি সাধারণ ক্রেতাদের ভিড়ে মিশে শোরুমে প্রবেশ করে পরে সংঘবদ্ধভাবে ভাঙচুর শুরু করেন। এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরিস্থিতি সামাল দিতে ‘লাইভ শপিং’ ফেসবুক পেজ থেকে জরুরি সহায়তা চেয়ে পোস্ট দেওয়া হয়। একই সময়ে পুলিশকে ফোন করে সহায়তা চাওয়া হয়েছিল বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শোরুমে ব্যাপক লুটপাট চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে একই ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
ক্রেতা আকৃষ্ট করতে নেওয়া বিশেষ এই মার্কেটিং উদ্যোগ শেষ পর্যন্ত শোরুমটির জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ঘটনায় শোরুমটির কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, জনসমাগমপূর্ণ এলাকায় এমন আকর্ষণীয় অফার দেওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রস্তুতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
আরটিভি/এসকে


