
রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় একদল লোক। হ্যামার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সীমানাপ্রাচীর টপকে তারা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখার অভিযোগ রয়েছে।
পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর একের পর এক ভবন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে ক্ষতি হয় প্রায় ৪ লাখ টাকা।
এ ছাড়া ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর, আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। এ অংশে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।
প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে আরও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরির পাকা ভবনের দরজা-জানালা ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করা হয়।
ভাঙচুরের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র থেকে দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি, বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
এ ঘটনায় রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলার তদন্তে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আরটিভি/এসকে


