ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগপন্থী কর্মকর্তাদের পদায়নের গুঞ্জন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

প্রধানমন্ত্রী, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বাসভবনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার দায়িত্বে আওয়ামী লীগপন্থি কর্মকর্তাদের পদায়নের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে লটারি পদ্ধতি কারসাজির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, কর্মকর্তাদের জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, দক্ষতা, সততা ও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) বিবেচনার পরিবর্তে প্রভাব ও পছন্দের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ জন্য ১২০ কোটি টাকার অবৈধ লেনদেনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হচ্ছে। আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক পরিকল্পনা ও অর্থায়নের সঙ্গে এসব পদায়নের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে।

লটারি ও পদায়ন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলীদের গ্রেডিং, লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ বিভাগে পদায়ন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, নির্বাহী প্রকৌশলীদের এ-প্লাস, এ, বি, সি ও ডি এই পাঁচ শ্রেণিতে ভাগ করা হলেও ক্যাটাগরি নির্ধারণের নীতিমালা, মূল্যায়নের বিবরণ ও অনুমোদনসংক্রান্ত নথি প্রকাশ করা হয়নি। একাধিক বাক্সে আলাদাভাবে কর্মকর্তাদের নাম রেখে লটারির ফল প্রভাবিত করার অভিযোগও রয়েছে। ঢাকার চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ কর্মবিভাগে কাদের পদায়ন করা হবে, তা আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।

এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী আ ন ম মাজহারুল ইসলাম, মো. জিয়াউর রহমান, আহসান হাবীব, রেজা তাইমুর মালিক, মাসুম বিল্লাহ ও রাশেদ আহসানসহ কয়েকজনের গ্রেডিং ও পদায়নপ্রক্রিয়া তদন্তের দাবি উঠেছে। অভিযোগকারীদের দাবি, লটারির আগে গ্রেডিং শিটে পরিবর্তন এনে আ ন ম মাজহারুল ইসলাম ও মো. জিয়াউর রহমানের মতো কর্মকর্তাদের ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগে পদায়নের ব্যবস্থা করা হয়।

এ প্রক্রিয়ায় অতিরিক্ত সচিব সারোয়ার আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান, নির্বাহী প্রকৌশলী বিপ্লব, সংস্থাপন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাজহার এবং নির্বাহী প্রকৌশলী জিয়ার ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

গুরুত্বপূর্ণ বিভাগে পদায়ন নিয়ে প্রশ্ন

অভিযোগে বলা হয়েছে, আ ন ম মাজহারুল ইসলাম ঢাকা গণপূর্ত বিভাগ-৩, রেলওয়ে ডিভিশন ও প্রকল্প বিভাগ-৫-এর মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পেয়েছেন। সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার সুযোগে এসব পদায়ন হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। ২০০০-২০০৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার রাজনৈতিক যোগাযোগ পদায়নে প্রভাব ফেলেছিল কি না, তা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

মো. জিয়াউর রহমান সংস্থাপন-২ শাখায় দায়িত্ব পালনের পর শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১-এ পদায়ন পান। সংসদ ভবন ও এমপি হোস্টেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বে তার নিয়োগের যোগ্যতা, অনুমোদন এবং প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

অন্যদিকে, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় এবং বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত প্রকৌশলী মাসুম বিল্লাহকে ঢাকা গণপূর্ত বিভাগ-২-এ সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তিনি চাকরি পেয়েছেন এবং প্রথমে নগর গণপূর্ত বিভাগে পদায়ন পেয়েছিলেন বলেও দাবি করা হয়েছে।

ডিসেম্বরকে ঘিরে পদায়ন ও নিরাপত্তার প্রশ্ন

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাত্র এক মাসের ব্যবধানে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল), ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রোমেকানিক্যাল), ২০০ জন সহকারী প্রকৌশলী, ২১৯ জন উপবিভাগীয় প্রকৌশলী এবং ১২০ জন নির্বাহী প্রকৌশলীসহ প্রায় দেড় হাজার প্রকৌশলীকে বদলি করা হয়েছে।

এই বদলির মধ্যে সংসদ ভবন, এমপি হোস্টেল, প্রধানমন্ত্রীর বাসভবন-সংশ্লিষ্ট স্থাপনা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদর দপ্তর এবং ঢাকা মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীদের দাবি, ডিসেম্বরকে কেন্দ্র করে সাবেক রাজনৈতিক দলের এক নেত্রীর সম্ভাব্য আগমন, রাজনৈতিক অর্থায়ন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পদায়নের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।

তাঁদের মতে, গ্রেডিংয়ের নীতিমালা, মূল্যায়ন শিট, লটারিতে ব্যবহৃত বাক্স ও নামের তালিকা, মূল্যায়ন কমিটির কার্যবিবরণী এবং চূড়ান্ত পদায়ন আদেশ পরীক্ষা করলে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট আর্থিক নথিও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

মাসুদ রানার বিরুদ্ধে সম্পদ ও বদলি-বাণিজ্যের অভিযোগ

গণপূর্ত কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকার গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালন, রাজনৈতিক প্রভাব খাটানো এবং বদলি-বাণিজ্যের মাধ্যমে পছন্দের কর্মকর্তাদের পদায়নে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, বাড়ি, প্লট, দোকান, জমি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ শত কোটি টাকার কাছাকাছি অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। তবে এসব সম্পদের পরিমাণ ও বৈধতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ঢাকা গণপূর্ত বিভাগ-৩ ও বিভাগ-৪-এ দায়িত্ব পালনের সময় উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের ভুয়া প্রাক্কলন তৈরি, দরপত্রের গোপন তথ্য ফাঁস এবং কমিশনের বিনিময়ে ঠিকাদার নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগও তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এসব অভিযোগের তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

একই বিভাগে পুনরায় পদায়ন, নিরাপত্তা যাচাই নিয়েও প্রশ্ন

রাজিবুল ইসলাম ঢাকা গণপূর্ত বিভাগ-১ থেকে মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালনের পর আবার একই বিভাগে পদায়ন পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার পদায়নের ধারাবাহিকতা এবং বদলির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি উঠেছে।

রেজা তাইমুর মালিক ঢাকা মেইনটেন্যান্স বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের জন্য লটারিতে নির্বাচিত হয়েছেন। অভিযোগকারীদের প্রশ্ন, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের পর এনএসআই ও দুদকের সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর বাসভবন-সংশ্লিষ্ট স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই ও প্রশাসনিক বিধি অনুসরণ করা হয়েছে কি না। তার বাবা মো. রেজাউল হক মালিক (মুকুল) চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সাবেক মন্ত্রী শরিফ আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশেদ আহসানের পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। ময়মনসিংহে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পর মিরপুর এবং বর্তমানে আজিমপুর-সংশ্লিষ্ট কর্মস্থলে তার পদায়নে কোনো প্রভাব কাজ করেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

লটারিতে বৈষম্যের অভিযোগ

পূর্তভবন-সংশ্লিষ্ট একটি পদে শামসুন্নাহার ঝুমার নাম লটারিতে উঠলেও একই পর্যায়ের অন্য কর্মকর্তাদের নাম কেন বাদ পড়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। লিবনী জামানকে হবিগঞ্জে পদায়ন করা হলেও একই পর্যায়ের কয়েকজন কর্মকর্তার নাম লটারিতে অন্তর্ভুক্ত হয়নি বলে তাদের দাবি।

একই পদমর্যাদার অর্ধশত কর্মকর্তা বহাল থাকা সত্ত্বেও কারা লটারির আওতায় এসেছেন এবং কারা বাদ পড়েছেন, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

লটারি ও পদায়নকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) এবং নির্বাহী প্রকৌশলীদের একটি অংশের বিরুদ্ধে কথিত সিন্ডিকেট গড়ে প্রায় ১২০ কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ উঠেছে। তবে এই অর্থের পরিমাণ ও লেনদেনের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

অভিযোগকারীরা সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি, ব্যাংক হিসাব, সম্পদ বিবরণী, সম্পদ কেনার উৎস এবং তাদের নিকটাত্মীয়দের নামে অর্জিত সম্পদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

যা বলছেন বিশ্লেষকরা

গণপূর্ত অধিদপ্তরের ঢাকার গুরুত্বপূর্ণ শাখাগুলোতে রাজনৈতিকভাবে প্রভাবিত কর্মকর্তাদের পদায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন, ডিজিএফআই প্রধানের বাসভবন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বাসভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজনৈতিকভাবে প্রভাবিত কর্মকর্তাদের হাতে থাকলে তা সরকারের জন্য মঙ্গলজনক হবে না। এ ধরনের পরিস্থিতি গুরুতর আকার ধারণ করতে পারে বলেও তিনি সতর্ক করেন। বিষয়টি নিয়ে সরকারকে এখনই গভীরভাবে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রনীতি বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, তার বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বাইরে অন্য কারও জীবনের হুমকি রয়েছে বলে তিনি মনে করেন না। তার বক্তব্য, যারা এসব পদায়ন দিয়েছেন, তারা জেনেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিষয়টি না জেনে পদায়ন করেছেন এমনটি মনে করার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

দিলারা চৌধুরীর মতে, এসব পদায়নের পেছনে পরিকল্পনা থাকতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক ঘনিষ্ঠতার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাগুলো খতিয়ে দেখা প্রয়োজন।

সব মিলিয়ে, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার পর এবার উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উত্তরখানের কাঁচকুড়া বেপারী পাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।  জানা গেছে, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম এরশাদ। তিনি বলেন, রাতে বাসটি রাস্তার ওপর পার্কিং করা ছিল। বাসে কোনো লোক ছিল না। শেষ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে এখনো জানা যায়নি। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেব। আরটিভি/এসআর
উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন পাপিয়া। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১১৫৫ টাকা, ৮ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে লাহোর
ঢাকার বাতাসে তুলনামূলক উন্নতি হয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে দূষণের মাত্রা কিছুটা কমেছে। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৭তম। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। 
ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে লাহোর
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল