
মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে। এটা আমাদের গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক মহাসমাবেশ এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিজয়ের শুরুটা আপনাদের এখান থেকে শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পরাজয়ের সূচনালগ্নের সময়ে পঞ্চগড়কে হানাদারমুক্ত করেছিল এই এলাকার বীর মুক্তিযোদ্ধারা। তাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর) উৎসব আমরা আপনাদের মাটি (পঞ্চগড়) থেকে শুরু করছি। আপনাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক মহাসমাবেশে স্বাগত বক্তব্য দেন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া আঞ্চলিক মহাসমাবেশে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
জিএম




