
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে খরস্রোতা পদ্মা নদীতে পড়ে মোজাফফর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়। গত বুধবার (৮ ডিসেম্বর) গভীর রাতে দৌলতদিয়া ৫নং ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দীর্ঘ ১২ কিলোমিটার দূরের ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোজাফফরের বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।
গোয়ালন্দ থানার ওসি আবদুল্লাহ আল তায়েবীর আরটিভি নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী লালন পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটে নদী পার হতে আসে। সে সময় বাস থেকে নেমে ওই বাসের যাত্রী মোজাফ্ফর ও তার মেয়ে পন্টুনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় পাটুরিয়া থেকে একটি ফেরি ওই পন্টুনে আসে। ফেরির ধাক্কায় পন্টুনটি নড়ে উঠলে মোজাফ্ফর পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। সে সময়ই গোয়ালন্দের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মোজাফ্ফরকে উদ্ধারের চেষ্টা চালায়।
পরবর্তীতে দুপুর ২টার দিকে মোজাফ্ফরের মরদেহ ১২ কিলোমিটার দূরের ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
এমআই/টিআই




